যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কারাগার থেকে নিজের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত নেতা নিকোলাস মাদুরো। ছবির সঙ্গে দেওয়া বার্তায় তিনি লিখেছেন, ‘দৃঢ় আছি’।
রোববার (৩০ আগস্ট) প্রকাশিত ছবিগুলোতে ধূসর কারাগারের পোশাকে মাদুরোকে দুই হাতে শান্তির প্রতীক দেখাতে দেখা যায়। ছবিতে তাকে আগের তুলনায় বেশ ওজন কমানো অবস্থায়ও দেখা গেছে।
টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মাদুরো বলেন, তার সন্তান, নাতি-নাতনি এবং তাকে ভালোবাসেন এমন মানুষদের জন্য ছবিগুলো একটি ছোট উপহার। তিনি জানান, তারা দৃঢ় আছেন এবং তাদের হৃদয় ভালোবাসায় পরিপূর্ণ।
মাদুরো আরও বলেন, তারা শক্ত, শান্ত ও আত্মবিশ্বাসী থাকবেন এবং ভেনেজুয়েলা আবার ঘুরে দাঁড়াবে।
গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের এক সামরিক অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে আটক হওয়ার পর থেকে নিউইয়র্কের ব্রুকলিনের একটি কারাগারে বন্দি রয়েছেন মাদুরো। ওই অভিযানে তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও আটক করা হয়। বর্তমানে মাদক পাচার ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে যুক্তরাষ্ট্রে তাদের বিরুদ্ধে মামলা চলছে। তবে দুজনই অভিযোগ অস্বীকার করেছেন।
রোববার ছবিগুলো প্রকাশ করা হলেও ছবির তথ্য অনুযায়ী, এগুলো গত ২৫ জুন তোলা হয়েছিল। এর এক দিন আগে ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঘটনা ঘটে।
মাদুরোর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, কারাগারে তার সংবাদপত্র বা ইন্টারনেট ব্যবহারের সুযোগ নেই। তবে পরিবার ও আইনজীবীদের সঙ্গে মাসে প্রায় ৩০০ মিনিট টেলিফোনে কথা বলার অনুমতি রয়েছে। প্রতিটি ফোনালাপ সর্বোচ্চ ১৫ মিনিট স্থায়ী হতে পারে।
মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা জানিয়েছেন, তার বাবা ভালো আছেন এবং কারাগারে সময় কাটাচ্ছেন বাইবেল পড়ে।
এদিকে মাদুরোর উত্তরসূরি অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেস সম্প্রতি যুক্তরাষ্ট্রকে ভেনেজুয়েলার তেলক্ষেত্র পরিচালনার সুযোগ দিয়ে একটি ‘ঐতিহাসিক’ তেল চুক্তির ঘোষণা দিয়েছেন। এর দুই দিন পরই কারাগার থেকে মাদুরোর এই বার্তা সামনে এলো।
মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে চলমান মামলার বিচার আগামী ১ জুন থেকে শুরু হওয়ার কথা রয়েছে। নিউইয়র্কের একটি ফেডারেল আদালত গত জুলাইয়ের শেষ দিকে এ তথ্য জানিয়েছিল।

