ডারউইনে প্রথম টেস্টে নয় উইকেটের জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে এই জয়ের পরও নির্ভার থাকতে চান না টাইগার কোচ ফিল সিমন্স। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে আরও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে— খেলোয়াড়দের এমন সতর্কবার্তাই দিয়েছেন তিনি।
শুক্রবার (২১ আগস্ট) সংবাদ সম্মেলনে এসব কথা জানান টাইগার কোচ ফিল সিমন্স।
শনিবার থেকে ম্যাকাইতে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টের আগে সিমন্স বলেন, অস্ট্রেলিয়া আরও আক্রমণাত্মক হয়ে মাঠে নামবে। তাই প্রথম টেস্টের পারফরম্যান্স ধরে রাখার পাশাপাশি কিছু জায়গায় আরও উন্নতি করতে হবে।
তিনি বলেন, আমি শুধু খেলোয়াড়দের বলেছি, অস্ট্রেলিয়া আরও শক্তভাবে ফিরে আসবে। আমাদের সেই মানের পারফরম্যান্স ধরে রাখতে হবে, কিংবা কিছু জায়গায় আরও এক শতাংশ উন্নতি করতে হবে। কারণ আমরা জানি, তারা নিজেদের খেলার ধরন বদলাবে এবং আরও কঠিনভাবে আমাদের ওপর চাপ তৈরি করবে।
ডারউইনের জয়কে নিজের দীর্ঘ কোচিং ক্যারিয়ারের অন্যতম তৃপ্তিদায়ক সাফল্য বলেও উল্লেখ করেন সাবেক ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার সিমন্স।
এদিকে, বাঁহাতি পেসার শরিফুল ইসলাম দলে ফেরার জন্য প্রস্তুত থাকলেও জয়ী একাদশে পরিবর্তন আনার বিষয়ে অনাগ্রহের কথা জানিয়েছেন সিমন্স। হ্যামস্ট্রিং চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারেননি শরিফুল। অনুশীলনে ভালো করায় দ্বিতীয় টেস্টে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সিমন্স বলেন, শরিফুল ভিন্ন কিছু দিতে পারেন। তবে একটি টেস্ট জয়ের পর সাধারণত জয়ী দল পরিবর্তন করতে পছন্দ করেন না বলেও জানান তিনি।
অন্যদিকে, ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার হারকে ‘ডারউইন ডিজাস্টার’ হিসেবে আখ্যা দিয়েছে দেশটির সংবাদমাধ্যম। তাই দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামবে অজিরা।
দ্বিতীয় টেস্টের জন্য একাদশে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। ওপেনার জেক ওয়েদারাল্ডের জায়গায় খেলবেন ম্যাট রেনশ।
অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স অবশ্য দলে চতুর্থ পেসার স্কট বোল্যান্ডকে নেওয়ার কথা ভেবেছিলেন। সেক্ষেত্রে বাদ পড়তে পারতেন স্পিনার নাথান লায়ন। তবে অনুশীলনের পর একাদশ চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া।
কামিন্স বলেন, প্রথম টেস্টে তারা নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারেনি। অন্যদিকে বাংলাদেশ দারুণ খেলেছে এবং প্রাপ্য জয় পেয়েছে। ম্যাকাইতে নিজেদের সেরা পারফরম্যান্স মাঠে তুলে ধরাই এখন তাদের লক্ষ্য।

