পাকিস্তান সৌদি আরব ও তুরস্কের সঙ্গে মিলে নিজেদের দেশ এবং বৃহত্তর অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিত করতে একটি ‘গঠনমূলক ভূমিকা’ পালন করবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
আজ সোমবার (১৭ আগস্ট) তিনি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে স্বাগত জানান।
এক বিবৃতিতে শরিফ বলেন, ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদয় সমর্থনের জন্য গভীরভাবে কৃতজ্ঞ।’
তিনি আরও বলেন, ‘ভ্রাতৃপ্রতিম সৌদি আরব ও তুরস্কের সঙ্গে মিলে পাকিস্তান নিজেদের দেশগুলোর পাশাপাশি পুরো অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিত করতে গঠনমূলক ভূমিকা পালন করে যাবে।’
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান গত ৭ আগস্ট পবিত্র মক্কা নগরীতে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করে। এর মাধ্যমে তিন দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার কাঠামো তৈরি হয়েছে।
ট্রাম্প এই ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানিয়ে এটিকে “বড়, সাহসী ও গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ” হিসেবে বর্ণনা করেছেন। একই সঙ্গে তিনি সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে আরও শক্তিশালী সম্মিলিত প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তোলার প্রতি সমর্থন জানিয়েছেন।
সূত্র: আল-আরাবিয়া

