চলমান ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের অবসানে মধ্যস্থতার প্রচেষ্টার অংশ হিসেবে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি তেহরান সফর করেছেন। এসময়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে বৈঠক করেন তিনি। খবর আল-জাজিরার।
মঙ্গলবার (১১ আগস্ট) তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান পেজেশকিয়ান।
পরে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীসহ দেশটির কর্মকর্তাদের সাথে বৈঠক করেন নাকভি। বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনা হয়।
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান ও কাতার। তাদের কূটনৈতিক তৎপরতায় সংকট সমাধানের আশা বাড়ছে।
পাকিস্তানের দাবি, ইরান ও যুক্তরাষ্ট্র কোনো এক ধরনের সমঝোতার খুব কাছাকাছি পৌঁছেছে। তবে এ বিষয়ে তেহরান এখনো কোনো মন্তব্য করেনি।

