লক আপ টু-এর আলোচিত মুখ অপুর্ভা মাখিজা জানিয়েছেন, শোতে তার দায়িত্বই ছিল প্রতিযোগীদের মধ্যে ঝগড়া ও উত্তেজনা তৈরি করা। ২৫ বছর বয়সী ‘দ্য রেবেল কিড’ নামে পরিচিত এই কনটেন্ট ক্রিয়েটর বলেন, তিনি ইচ্ছা করেই কারো সঙ্গে বিরোধ তৈরি করেননি, বরং শোর অংশ হিসেবেই তাকে এই ভূমিকা পালন করতে হয়েছে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে অপুর্ভা জানান, শো থেকে বেরিয়ে গেলেও চুক্তির কারণে তিনি বিষয়টি আগে প্রকাশ করতে পারেননি।
তিনি বলেন, ‘তোমরা আমাকে অনেক গালাগাল করেছ। কিন্তু আমি কিছু বলতে পারিনি, কারণ চুক্তির কারণে জানাতে পারিনি যে আমি শো থেকে বের হয়ে গেছি। আমার কাজ ছিল উসকানি দেওয়া, মানুষের সঙ্গে ঝগড়া তৈরি করা।’
অপুর্ভার দাবি, লক আপ টু-এর ঘরে তার মূল দায়িত্ব ছিল প্রতিযোগীদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা। কেউ ঝামেলায় জড়াতে না চাইলে তাকেই এগিয়ে এসে পরিস্থিতি উত্তপ্ত করতে হতো।
তিনি বলেন, ‘আমি অনেক চেষ্টা করেছি প্রতিযোগীদের মধ্যে সমস্যা তৈরি করতে। কিন্তু কেউ ঝগড়া করতে চাইত না।
এটা আমার কাজ ছিল এবং এর জন্য আমি পারিশ্রমিক পেয়েছি। তাই আমাকে কাজটা করতেই হয়েছে।’
নিজের অভিজ্ঞতা নিয়ে তিনি আরো বলেন, ‘তোমরা আমাকে ভালোবাসতে পারো, আবার অপছন্দও করতে পারো। আমি আমার পারিশ্রমিক পেয়েছি, আর এখন আমি ইবিজায় আছি।’স্ক্রিন টাইমের জন্য ঝগড়া করেননি। অপুর্ভা আরো পরিষ্কার করেছেন, বেশি সময় পর্দায় থাকার জন্য তিনি ইচ্ছা করে ঝগড়া করেননি।
তার ভাষ্য, যেহেতু তিনি শোতে ‘ইনফর্মার’ হিসেবে প্রবেশ করেছিলেন, তাই এমনিতেই তাকে পর্বের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখানো হতো।
তিনি বলেন, ‘আমার কারো কাছ থেকে ফুটেজ নেওয়ার প্রয়োজন নেই। নির্মাতারা যদি আমাকে পাঁচ দিনের জন্য শোতে নিয়ে আসেন, তাহলে তাদের বিনিয়োগের মূল্য পেতে আমাকে দেখাতেই হতো।’
তিনি আরো যোগ করেন, ‘আমি যা করেছি, সেটাই দেখানো হয়েছে, কারণ আমি ইনফর্মার হিসেবে ঘরে ঢুকেছিলাম। শুধু স্ক্রিন টাইমের জন্য কারো সঙ্গে ঝগড়া করার দরকার ছিল না।’
শ্রেয়া ও শিল্পাকে সমর্থন অপুর্ভার
অন্য একটি ইনস্টাগ্রাম পোস্টে অপরূপা লক আপ টু-এর প্রতিযোগী শ্রেয়া কালরা ও শিল্পা শিন্দের প্রতি সমর্থন জানিয়েছেন।
তিনি লিখেছেন, ‘আমি মনে করি শ্রেয়া বা শিল্পারই এই শো জেতা উচিত।’
লক আপ টু-এ কারা আছেন?
রিতেশ দেশমুখ ও ফারাহ খানের সঞ্চালনায় লক আপ টু-এ রয়েছেন আকাঙ্ক্ষা চামোলা, হর্ষদ চোপড়া, রাম কাপুর, শ্রেয়া কালরা, শিল্পা শিন্দে, আকাঙ্ক্ষা চৌধুরী, পামেলা সেরেনা, শিবাঙ্গী যোশী, যোগেশ রাওয়াত এবং বরুণ ‘লায়লা’ যাদবসহ আরো অনেকে।
এবারের সিজনের বিজয়ী পাবেন ১ কোটি রুপির নগদ পুরস্কার।

