বলিউডের জনপ্রিয় টক শো ‘কফি উইথ করণ’-এর নবম আসর ঘিরে দর্শকদের আগ্রহের শেষ নেই। একের পর এক তারকার উপস্থিতিতে জমে উঠেছে এবারের আয়োজন। তবে মৌসুমের শেষ পর্বে দর্শকদের জন্য থাকছে আরও বড় চমক। শোনা যাচ্ছে, সমাপনী পর্বে হাজির হবেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে এবার তার সঙ্গী হিসেবে থাকবেন এমন দুজন, যাদের উপস্থিতি শোয়ের পরিচিত আয়োজনেই আনবে ভিন্ন মাত্রা। তারা হলেন সঞ্চালক করণ জোহরের যমজ সন্তান ইয়াশ ও রুহি।
ভারতীয় সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামার প্রতিবেদন অনুযায়ী, ভ্যারাইটি ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে এই প্রথম কোনো চ্যাট শোয়ে দেখা যাবে করণের নয় বছর বয়সী দুই সন্তানকে। এর আগে বাবার ইনস্টাগ্রামে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে তাদের দুষ্টুমি, কথাবার্তা ও মজার মুহূর্তের ঝলক দেখেছেন ভক্তরা।
প্রতিবেদনে বলা হয়েছে, শাহরুখের সঙ্গে একই পর্বে হাজির হতে পারে ইয়াশ ও রুহি। ফলে এবারের সমাপনী পর্বে তারকাদের প্রচলিত আড্ডার বাইরে দেখা যেতে পারে একেবারেই ভিন্নধর্মী আয়োজন। বাবার সঞ্চালনায় দুই সন্তান ও শাহরুখের কথোপকথন যে দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে, তা বলাই যায়।
তবে শাহরুখ খানকে পুরো পর্বজুড়ে দেখা যাবে না বলেই জানা গেছে। প্রতিবেদনের দাবি, শুটিংয়ের জন্য অভিনেতার হাতে সময় কম থাকায় তাকে একটি ছোট অংশে দেখা যাবে। এরই মধ্যে পর্বটির শুটিং শেষ হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে নিজের আগামী সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত শাহরুখ। চলতি বছরের ডিসেম্বরেই মুক্তির কথা রয়েছে সিনেমাটির। ধারণা করা হচ্ছে, সিনেমার কাজ ও অন্যান্য ব্যস্ততার কারণেই টক শোয়ের জন্য বেশি সময় দিতে পারেননি অভিনেতা।
তবে শাহরুখ, ইয়াশ ও রুহির একসঙ্গে উপস্থিতি নবম আসরের শেষ পর্বকে বিশেষ করে তুলতে পারে। যদিও এ বিষয়ে এখনো অনুষ্ঠানটির নির্মাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

