জেমস বন্ড সিরিজের নতুন ছবিতে ০০৭ চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন হলিউড অভিনেতা রবার্ট প্যাটিনসন। ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হয়ে ফ্র্যাঞ্চাইজিটির সপ্তম আনুষ্ঠানিক জেমস বন্ড হিসেবে পর্দায় দেখা যাবে তাকে। কয়েক মাস ধরে চলা বাছাইপ্রক্রিয়া শেষে প্যাটিনসনের নাম ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস।
সোমবার (১৬ নভেম্বর) জেমস বন্ডের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণার আগে এক্স ও ইনস্টাগ্রামে ০০৭-এর আগের সব পোস্ট মুছে ফেলা হয়। এরপর সেখানে ‘আইডেন্টিটি কনফার্মড’ বা পরিচয় নিশ্চিত বার্তাটি প্রকাশ করা হয়।
পরে চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান বন্ডের চিরচেনা টাক্সেডো পোশাকে রবার্ট প্যাটিনসনের একটি ছবি প্রকাশ করে। এক বিবৃতিতে জানানো হয়, প্যাটিনসনের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে সিনেমার অন্যতম জনপ্রিয় চরিত্রটির নতুন এক যুগের সূচনা হবে।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্যাটিনসনও। তিনি বলেন, জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়াটা তার জীবনের সবচেয়ে বড় সম্মান। এই চরিত্রে অভিনয় করা স্বপ্নপূরণের চেয়েও বেশি কিছু।
নতুন বন্ড নির্বাচন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছিল। পাঁচজন অভিনেতার সংক্ষিপ্ত তালিকায় ছিলেন প্যাটিনসন, জশ ও’কনর ও ক্যালাম টার্নার। গত শুক্রবার প্যাটিনসনকে অন্য প্রতিদ্বন্দ্বীদের তুলনায় বেশি সুবিধাজনক চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। এরপর থেকেই নতুন বন্ড হিসেবে তার নাম আলোচনায় জোরালো হয়ে ওঠে।
জেমস বন্ড চরিত্রে ড্যানিয়েল ক্রেগের শেষ সিনেমা ছিল ‘নো টাইম টু ডাই’। ২০২১ সালে মুক্তি পাওয়া ছবিটিতে বন্ডের মৃত্যুর মধ্য দিয়ে তার গল্পের সমাপ্তি দেখানো হয়। তবে ছবির শেষ দৃশ্যে ‘জেমস বন্ড উইল রিটার্ন’ বার্তার মাধ্যমে চরিত্রটির ফিরে আসার ইঙ্গিত দেওয়া হয়েছিল।
২০০৬ সালে ‘ক্যাসিনো রয়্যাল’ দিয়ে বন্ড হিসেবে যাত্রা শুরু করেছিলেন ক্রেগ। সব মিলিয়ে পাঁচটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তার সময়ে বন্ড সিরিজ বক্স অফিসে নতুন রেকর্ড গড়ে। ২০১২ সালে মুক্তি পাওয়া ‘স্কাইফল’ বিশ্বব্যাপী আয় করে ১ দশমিক ১ বিলিয়ন ডলার।
৪০ বছর বয়সী প্যাটিনসনকে দেখা যাবে সিরিজের ২৬তম আনুষ্ঠানিক সিনেমায়। এখনো ছবিটির নাম চূড়ান্ত হয়নি। ২০২৫ সালে এক বিলিয়ন ডলারের বেশি অর্থের বিনিময়ে অ্যামাজন-এমজিএম স্টুডিওস জেমস বন্ড সিরিজের স্বত্ব অধিগ্রহণের পর এটিই হতে যাচ্ছে প্রথম সিনেমা।
ছবিটি পরিচালনা করবেন ‘ডিউন’ ট্রিলজির নির্মাতা ডেনিস ভিলনুভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট। আর প্রযোজনার দায়িত্বে থাকছেন হ্যারি পটার সিরিজের প্রযোজক ডেভিড হেইম্যান ও স্পাইডার-ম্যান সিরিজের প্রযোজক অ্যামি প্যাসকেল।
২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমায় সেড্রিক ডিগরির চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পান প্যাটিনসন। পরে ‘টোয়াইলাইট’ সিরিজে ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেনের চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন। এরপর ‘দ্য লাইটহাউস’, ‘কসমোপলিস’ ও ‘ম্যাপস টু দ্য স্টারস’-এর মতো সিনেমায় অভিনয় করে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ দেন। ২০২২ সালে ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় ব্রুস ওয়েনের চরিত্রেও দেখা গেছে তাকে।
এর আগে ১৯৬২ সালে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে প্রথম বড় পর্দায় জেমস বন্ড চরিত্রে অভিনয় করেন শন কনারি। এরপর জর্জ ল্যাজেনবি, রজার মুর, টিমোথি ডালটন, পিয়ার্স ব্রসনান ও ড্যানিয়েল ক্রেগ এই চরিত্রে অভিনয় করেন। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছেন রবার্ট প্যাটিনসন।
এ পর্যন্ত আনুষ্ঠানিক জেমস বন্ড সিনেমাগুলো বিশ্বব্যাপী মোট ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার আয় করেছে। আয়ের দিক থেকে এটি চলচ্চিত্র ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি। সিনেমার পাশাপাশি পণ্য বিক্রি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে স্পনসরশিপ চুক্তি থেকেও বিপুল অর্থ আয় করেছে সিরিজটি।

