আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে ‘চাইল্ডহুড রিলিফ ইনস্টিটিউশন’ নামের ওই এতিমখানায় আগুনের সূত্রপাত হয়। রাষ্ট্রীয়ভাবে পরিচালিত প্রতিষ্ঠানটি এতিম ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আবাসন, চিকিৎসা এবং সামাজিক সহায়তা দিয়ে থাকে।
আলজেরিয়ার নাগরিক সুরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ১০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এছাড়া ধোঁয়া শ্বাসের সঙ্গে প্রবেশ করায় দুইজন গুরুতর শ্বাসকষ্টে আক্রান্ত হন। আরও সাতজন বিভিন্ন ধরনের আঘাত নিয়ে চিকিৎসা নিয়েছেন।
আগুন লাগার পর বিশেষ চাহিদাসম্পন্ন পাঁচজন বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। উদ্ধারকাজের সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। নাগরিক সুরক্ষা বিভাগের প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মীরা ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের ভেতর থেকে বাসিন্দাদের বের করে আনার পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
ঘটনার পর আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বুন নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন।
দেশটির প্রধানমন্ত্রী সিফি ঘরিব আলজিয়ার্সের মুস্তাফা পাশা বিশ্ববিদ্যালয় হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজ নেন এবং চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এদিকে আগুন নিয়ন্ত্রণে আনার পর অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে দেশটির নিরাপত্তা বাহিনী ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ।

