spot_img

বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর আনচেলত্তির ‘গোপন পরিকল্পনা’ ফাঁস

অবশ্যই পরুন

বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ে এখনো কাঁদাছে কোটি ভক্তের হৃদয়। এই ক্ষতের পর এবার সামনে এসেছে কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনার নথি। জার্মান সংবাদমাধ্যম বিল্ড (Bild)-এর হাতে আসা ওই নথিতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির কোচিং স্টাফের পেনাল্টি শুটআউট পরিকল্পনা এবং নরওয়ের খেলোয়াড়দের নিয়ে প্রস্তুতির বিস্তারিত তথ্য উঠে এসেছে। বলা হচ্ছে, সেই পরিকল্পনা অনুযায়ী মাঠে তার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ফাঁস হওয়া নথি অনুযায়ী, নরওয়ের বিপক্ষে ম্যাচের জন্য অত্যন্ত সতর্ক পরিকল্পনা করেছিলেন আনচেলত্তি। এমনকি সম্ভাব্য টাইব্রেকারের প্রস্তুতিও ছিল সেই পরিকল্পনার অংশ।

66

সবচেয়ে আলোচিত বিষয় হলো, নথিতে নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে ভুলভাবে ডান পায়ের খেলোয়াড় হিসেবে উল্লেখ করা হয়েছিল। অথচ বিশ্বজুড়ে পরিচিত এই ফরোয়ার্ড মূলত বাঁ পায়ের খেলোয়াড়।

বিল্ডের দাবি, ব্রাজিল-নরওয়ে ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ালে কীভাবে প্রস্তুতি নেওয়া হবে, সেই পরিকল্পনার অংশ হিসেবেই নরওয়ের সম্ভাব্য পেনাল্টি শুটারদের তালিকা তৈরি করা হয়েছিল। সেখানে প্রতিটি খেলোয়াড়ের পছন্দের পা উল্লেখ থাকলেও হালান্ডের নামের পাশে ভুলবশত “রাইট-ফুটেড” লেখা ছিল।

এছাড়া আনচেলত্তির কোচিং স্টাফ নরওয়ের প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত বৈশিষ্ট্য, খেলার ধরন এবং সম্ভাব্য পেনাল্টির দিকনির্দেশনা নিয়েও আলাদা প্রতিবেদন তৈরি করেছিল বলে জানিয়েছে বিল্ড।

বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে, কারণ নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে ব্রাজিলের হারের ম্যাচে হালান্ড তার দ্বিতীয় গোলটি করেন বাঁ পায়ে। এর আগে প্রথম গোলটি করেছিলেন হেড থেকে। যদিও ম্যাচটি পেনাল্টি পর্যন্ত গড়ায়নি, তবুও হালান্ডের পছন্দের পা নিয়ে এমন ভুল তথ্য ব্রাজিলের বিশ্লেষণী প্রস্তুতির নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছে।

নথিতে নরওয়ের গোলরক্ষক ওরইয়ান নিয়ল্যান্ডকে নিয়েও বিস্তারিত বিশ্লেষণ ছিল। সেখানে উল্লেখ করা হয়, তিনি প্রায় প্রতিটি শটে মাটিতে ঝাঁপ দেন এবং মাঝারি উচ্চতার শট ঠেকাতে দুর্বল। একটি নোটে লেখা ছিল, সে সবসময় নিচে ঝাঁপ দেয়, তাই ওপরের বল ঠেকানোর সুযোগ তার খুব কম।

99

এছাড়া ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসনের জন্যও আলাদা নির্দেশনা রাখা হয়েছিল। সম্ভাব্য পেনাল্টি শুটআউটে নরওয়ের প্রতিটি খেলোয়াড় কোন দিকে শট নিতে পারেন, সে সম্পর্কেও নির্দিষ্ট তথ্য দেওয়া ছিল ওই নথিতে।

তবে শেষ পর্যন্ত এসব প্রস্তুতি কোনো কাজে আসেনি। নির্ধারিত ৯০ মিনিটেই ২-১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এরপরই ড্রেসিংরুমে ফেলে যাওয়া এসব নথি প্রকাশ্যে এসে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, কৌশলগত প্রস্তুতির ঘাটতি নয় বরং মাঠে সেই পরিকল্পনার বাস্তবায়নে ব্যর্থতা এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পারাই ব্রাজিলের বিদায়ের অন্যতম কারণ।

এখন প্রশ্ন উঠছে, আনচেলত্তির এই খাতা কি কেবলই কাগজে-কলমে সীমাবদ্ধ ছিল, নাকি খেলোয়াড়রা মাঠের ভেতরে সেই নির্দেশনার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছেন?

সূত্র: প্রো-স্পোর্ট

সর্বশেষ সংবাদ

আইআরজিসিকে হুমকি হিসেবে দেখা যুক্তরাজ্যের ‘দায়িত্বজ্ঞানহীন’ সিদ্ধান্ত: ইরান

ইরান মঙ্গলবার (১৪ জুলাই) বলেছে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-কে নিরাপত্তা হুমকি হিসেবে যুক্তরাজ্যের ঘোষণার সিদ্ধান্ত ‘অযৌক্তিক’ এবং ‘দায়িত্বজ্ঞানহীন’। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ