spot_img

আইসিসির ১১১তম সদস্য মরিশাস, স্থগিতাদেশ বহাল যুক্তরাষ্ট্র-কানাডার

অবশ্যই পরুন

স্কটল্যান্ডের এডিনবরায় চার দিনের বার্ষিক সম্মেলন শেষে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যুক্তরাষ্ট্র ক্রিকেট (ইউএসএসি) ও ক্রিকেট কানাডার ওপর থাকা স্থগিতাদেশ বহাল রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। একই সঙ্গে ফ্রান্স ক্রিকেটকেও সতর্ক করা হয়েছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার ক্রিকেট সংস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। তবে শেষ পর্যন্ত দু’দেশের ক্ষেত্রে এখনই অবস্থান পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে স্থগিত রয়েছে যুক্তরাষ্ট্র ক্রিকেট। সংস্থাটির সদস্যপদ পুনর্বহালের গুরুত্ব আইসিসি স্বীকার করলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আরও পরে নেয়া হবে। বিশেষ করে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির বিষয়টি সামনে রেখে যুক্তরাষ্ট্রের ক্রিকেট প্রশাসনকে গুরুত্বের সঙ্গে দেখছে আইসিসি।

তবে অলিম্পিক সামনে থাকলেও এখনই ইউএসএসির ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেয়া হচ্ছে না। দেশটির ক্রিকেট প্রশাসনের পরিস্থিতি আরও পর্যবেক্ষণ করতে চায় বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকেট কানাডার পরিস্থিতি অবশ্য কিছুটা ভিন্ন। গত জুনে স্থগিত হওয়া সংস্থাটিকে বেশ কিছু অভ্যন্তরীণ সমস্যার সমাধান করতে হবে বলে জানা গেছে। সমস্যাগুলো ঠিক কী, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

এর মধ্যেই যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) কানাডার একটি দল বা ফ্র্যাঞ্চাইজি যুক্ত হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ধারণা করা হচ্ছে, এমএলসির সম্ভাব্য সম্প্রসারণ কোন পথে এগোয়, সেটিও পর্যবেক্ষণ করতে পারে আইসিসি।

এবারের বার্ষিক সম্মেলনে নতুন সহযোগী সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছে মরিশাস ক্রিকেট ফেডারেশন। মরিশাস যুক্ত হওয়ায় আইসিসির মোট সদস্যসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১১। এর মধ্যে ১২টি পূর্ণ সদস্য ও ৯৯টি সহযোগী সদস্য।

সম্মেলনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) দলসংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা ছিল। আফগানিস্তান, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডকে যুক্ত করে প্রতিযোগিতাটি ১২ দলের করার কথা শোনা গেলেও এ বিষয়ে আইসিসি বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি।

ওয়ানডে ক্রিকেট ৫০ ওভার থেকে কমিয়ে ৪০ ওভারে আনার বিষয়েও গণমাধ্যমের একাংশে খবর প্রকাশিত হয়েছে। তবে আইসিসির বার্ষিক সম্মেলন শেষে এ ধরনের কোনো সিদ্ধান্তের কথা জানা যায়নি।

আইসিসির পরবর্তী চক্রের কৌশল নিয়েও সম্মেলনে একটি উপস্থাপনা দেয়া হয়েছে। ভবিষ্যতে আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো কীভাবে পুনর্বিন্যাস করা যেতে পারে, সে বিষয়ে কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আইসিসির আনুষ্ঠানিক মিডিয়া পার্টনার জিওস্টারও সদস্যদেশগুলোর প্রতিনিধিদের সামনে একটি উপস্থাপনা দিয়েছে। তবে এসব আলোচনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি।

গত ৮ জুলাই শুরু হওয়া আইসিসির বার্ষিক সম্মেলন ১১ জুলাই শেষ হয়।

সর্বশেষ সংবাদ

শুভশ্রী-দেবের অন্তরঙ্গ মুহূর্ত ফাঁস, নেটদুনিয়া উত্তাল!

টালিউডের রুপালি পর্দায় দেব ও শুভশ্রী গাঙ্গুলীর জুটি মানেই ভক্তদের আলাদা উন্মাদনা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক এক বছর...

এই বিভাগের অন্যান্য সংবাদ