বিপজ্জনকভাবে গাড়ি চালানো এবং নিষিদ্ধ মাদক গ্রহণের ঘটনায় বড় শাস্তিই পেলেন রাহিম স্টার্লিং। ১২ মাসের কারাদণ্ড হয়েছে তার। আপাতত জেলে যেতে হচ্ছে না তাকে। ১৮ মাসের জন্য কারাদণ্ড স্থগিত করেছেন আদালত। পাশাপাশি ১০০ ঘণ্টা বিনা পারিশ্রমিকে সামাজিক কাজ এবং ২ বছরের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তাকে। বুধবার ইংল্যান্ডের বেসিংস্টোক ম্যাজিস্ট্রেট আদালতে এই রায় ঘোষণা করা হয়।
স্টার্লিংয়ের বিরুদ্ধে অভিযোগ ছিল, গত ২৮ মে সকালে ল্যাম্বরগিনি উরুস চালানোর সময় নাইট্রাস অক্সাইড বা ‘লাফিং গ্যাস’ গ্রহণ করেছিলেন তিনি। এ সময় ইংল্যান্ডের এম২৫ ও এম৩ মোটরওয়েসহ কয়েকটি সড়কে বেপরোয়া গতিতে গাড়ি চালান ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।
আদালতে জানানো হয়, গাড়ি চালানোর সময় একটি বেলুন থেকে গ্যাস গ্রহণ করছিলেন স্টার্লিং। এ অবস্থায় একাধিকবার লেন পরিবর্তন করে অন্য গাড়ির জন্য ঝুঁকি তৈরি করেন তিনি।
পরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ধাতব গেটে ধাক্কা খায় তার গাড়ি। তবে অন্য কোনো গাড়ির সঙ্গে ধাক্কা লাগেনি। তাতে আহতও কেউ হননি।
পুলিশের হাতে গ্রেপ্তারের সময় স্টার্লিংয়ের গাড়িতে নাইট্রাস অক্সাইডের দুটি ক্যানিস্টার পাওয়া যায়। এর আগে ছয়টি ক্যানিস্টার অবৈধভাবে ব্যবহারের উদ্দেশ্যে নিজের কাছে রাখা এবং পুলিশের কাছে নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগও স্বীকার করেন স্টার্লিং। গত সেপ্টেম্বরে বিপজ্জনকভাবে গাড়ি চালানোর অভিযোগেও দোষ স্বীকার করেছিলেন তিনি।
বিচারক ক্রিস্টি অলম্যান রায়ে জানান, অন্য সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তার প্রতি সচেতন অবহেলা দেখিয়েছেন স্টার্লিং। তবে তার দাতব্য কর্মকাণ্ড এবং আসক্তি থেকে বেরিয়ে আসার চিকিৎসা নেওয়ার বিষয়টি শাস্তি নির্ধারণে বিবেচনায় নেওয়া হয়েছে।
ইংল্যান্ডের হয়ে ৮২ ম্যাচে ২০ গোল করেছেন স্টার্লিং। ম্যানচেস্টার সিটির হয়ে চারটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন তিনি। সর্বশেষ খেলেছেন ডাচ ক্লাব ফেইনুর্ডে। বর্তমানে কোনো ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ নেই।

