বলিউডের জনপ্রিয় কয়েকটি সিনেমাকে কেন্দ্র করে বড় ধরনের ফ্র্যাঞ্চাইজি পরিকল্পনার ঘোষণা দিয়েছে ইরোস ইনোভেশন। লন্ডন টেক উইকে বুধবার (১০ জুন) জানানো এই নতুন উদ্যোগে একদিকে থাকছে পুরনো হিট সিনেমার সিক্যুয়েল, অন্যদিকে শুরু হচ্ছে নতুন মিথলজি-ভিত্তিক সিনেম্যাটিক ইউনিভার্স।
ঘোষণায় বলা হয়েছে, মোট ছয়টি জনপ্রিয় সিনেমাকে নতুনভাবে ফ্র্যাঞ্চাইজি আকারে ফিরিয়ে আনা হবে। তালিকায় রয়েছে ‘তনু ওয়েডস মনু’, ‘ফোবিয়া’, ‘ইংলিশ ভিংলিশ’, ‘দেশি বয়েজ’, ‘রেঞ্জিলা’ এবং ‘তেরে নাম’। তবে দর্শকদের সবচেয়ে বড় প্রশ্ন এই সিক্যুয়েলে কি ফিরবেন মূল তারকারা? জানা যাচ্ছে, এগুলো হবে ‘স্পিরিচুয়াল সিক্যুয়েল’, অর্থাৎ নতুন গল্প ও নতুন চরিত্র নিয়ে তৈরি হবে পরবর্তী অংশ। ফলে ‘তেরে নাম’-এর রাধে চরিত্রে সালমান খান বা ‘রেঞ্জিলা’-তে উর্মিলা মাতন্ডকর ও আমির খানের ফেরার সম্ভাবনা খুবই কম।
১৯৯৫ সালের কাল্ট মিউজিক্যাল ‘রেঞ্জিলা’ নির্মাণ করেছিলেন রাম গোপাল ভার্মা, যা উর্মিলা মাতন্ডকরকে রাতারাতি তারকাখ্যাতি দেয়। অন্যদিকে ২০০৩ সালের ‘তেরে নাম’ সালমান খানের ক্যারিয়ারের অন্যতম প্রশংসিত পারফরম্যান্স হিসেবে ধরা হয়। নতুন পরিকল্পনায় আরও রয়েছে ‘তনু ওয়েডস মনু’-এর তৃতীয় অধ্যায় ‘দ্য নেক্সট চ্যাপটার’। তবে এখানে কঙ্গনা রানাওয়াত ও আর মাধবনের ফেরার বিষয়টি এখনো নিশ্চিত নয়। সিনেমাটি পরিচালনা করবেন মিতাক্ষরা কুমার।
শ্রীদেবী অভিনীত ‘ইংলিশ ভিংলিশ’, অক্ষয় কুমার ও জন আব্রাহাম অভিনীত ‘দেশি বয়েজ’ এবং রাধিকা আপ্তে অভিনীত ‘ফোবিয়া’ এর মতো সিনেমাগুলোকেও নতুনভাবে গল্প বিস্তারের পরিকল্পনা করা হয়েছে। ইরোস জানিয়েছে, এসব জনপ্রিয় শিরোনামকে শুধু সিনেমা নয়, অ্যানিমেশন, মাইক্রোড্রামা ও চরিত্রভিত্তিক কনটেন্ট হিসেবেও সম্প্রসারণ করা হবে। ইরোসের চেয়ারম্যান কিশোর লুল্লা বলেন, পুরনো জনপ্রিয় সিনেমা, নতুন গল্প এবং মিথলজি–প্রেরিত কনটেন্ট একসঙ্গে এনে নতুন প্রজন্মের জন্য ভিন্নধর্মী বিনোদন তৈরি করাই তাদের লক্ষ্য।
সূত্র: হিন্দুস্তান টাইমস

