বিদায় পেপ গার্দিওলা। স্বর্ণালী এক দশক উপহার দিয়ে ম্যানচেস্টার সিটিরর দায়িত্ব ছাড়লেন এই মাস্টার ট্যাক্টিশিয়ান। সারি সারি ট্রফি সংখ্যায় যা বিশটি। গত দশ বছরে এই অর্জনের মাধ্যমেই নতুন ইতিহাস গড়েছে ম্যানচেস্টার সিটি। পুরো শহর যেন লাল থেকে নীল হয়ে উঠেছে। এই সাফল্যের পেছনের মূল স্থপতি ছিলেন পেপ গার্দিওলা।
তার বিদায়ী আয়োজন হিসেবে ‘দ্য আফটার পার্টি’ আয়োজন করেছিল ম্যানচেস্টার সিটি। সেখানে উপস্থিত ছিলেন সাবেক শিষ্য, বর্তমানে বায়ান মিউনিখের কোচ ভিনসেন্ট কোম্পানি, ফার্নান্দিনহো এবং জ্যাক গ্রিলিশ। গার্দিওলার তিন সন্তান মারিয়া, মারিউস ও ভ্যালেন্তিনাও ছিলেন অনুষ্ঠানে। শহরের কো-অপ লাইভ অ্যারেনায় প্রায় ১৯ হাজার সমর্থক উপস্থিত ছিলেন।
ভিডিও বার্তায় বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান এবং ব্রিটিশ গলফার টমি ফ্লিটউড শুভকামনা জানিয়েছেন।
২০১৬ সালে দায়িত্ব নেয়ার সময় অর্থনৈতিক শক্তি থাকলেও নিয়মিত সাফল্য পায়নি সিটি। কিন্তু এক দশকের যাত্রায় তারা জিতেছে চ্যাম্পিয়নস লিগ, ছয়টি প্রিমিয়ার লিগ, পাঁচটি লিগ কাপ, তিনটি এফএ কাপ ও কমিউনিটি শিল্ড, সুপার কাপ এবং ক্লাব বিশ্বকাপ।
ম্যানচেস্টার সিটির বিদায়ী কোচ পেপ গার্দিওলা বলেন, আমি ভাবতেই পারিনি এখানে এত ভালোবাসা পাব। দশ বছর আপনাদের কোচ হয়ে থাকা সত্যিই অসাধারণ ও অবিশ্বাস্য। কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। সারাজীবন আপনাদের কথা মনে রাখব, হৃদয়ে ধারণ করব।
এর আগে খোলা বাসে করে তার ছেলে-মেয়ে ও যুব দল শহরজুড়ে প্যারেড করেছে। ছেলেরা জিতেছে এফএ কাপ ও লিগ কাপ, মেয়েরা উইমেনস সুপার লিগ এবং যুব দল এফএ ইয়ুথ কাপ।
গার্দিওলা কোথায় যাচ্ছেন তা এখনও অজানা, আর তার উত্তরসূরি কে হবেন সেটাও নিশ্চিত নয়। তবে তার সাবেক সহকারী এনজো মারেসকা বর্তমানে সম্ভাব্যদের তালিকায় সবচেয়ে এগিয়ে আছেন।

