spot_img

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আহত ২

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়েছে। এতে অক্ষত রয়েছেন অভিনেতা, তবে আহত হয়েছেন তার গাড়িচালক।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এ ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও ও অডিও ক্লিপ। এতে অনিল পন্ডিত নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি নিজেকে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন।

ওই ব্যক্তি দাবি করেন, টাইগার শ্রফ তাঁদের ‘হিট লিস্টে’ রয়েছেন। তাঁর অভিযোগ, অভিনেতা তাঁদের নির্দেশ মানছিলেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করছিলেন। তবে এসব দাবি ও হামলার সঙ্গে ওই গোষ্ঠীর সম্পৃক্ততার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ছড়িয়ে পড়া অডিও ক্লিপে ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, টাইগার শ্রফের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার দায় তিনি ও হরমন সান্ধু নিচ্ছেন। তাঁর দাবি, অভিনেতাকে আগে সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি তাঁদের কথা শোনেননি।

অডিও বার্তায় আরও হুমকি দেওয়া হয়, ফিল্ম ইন্ডাস্ট্রির যাঁরা তাঁদের সঙ্গে কাজ করবেন না কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবেন, তাঁদের হত্যা করা হবে। বার্তাটিকে চলচ্চিত্র অঙ্গনের জন্য সতর্কবার্তা হিসেবেও তুলে ধরেন ওই ব্যক্তি।

লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নাম এর আগেও বলিউড তারকাদের ঘিরে বিভিন্ন হুমকির ঘটনায় এসেছে। গুজরাটের কারাগারে বন্দি লরেন্স বিষ্ণোই অতীতে একাধিকবার বলিউড সুপারস্টার সালমান খানকে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় আলোচনায় এসেছেন।

টাইগার শ্রফ ও সালমান খান একসঙ্গে কোনো সিনেমায় অভিনয় না করলেও তাঁদের মধ্যে পেশাগত যোগাযোগ রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে। প্রচলিত তথ্য অনুযায়ী, টাইগারকে চলচ্চিত্রে সুযোগ দেওয়ার বিষয়ে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালাকে পরামর্শ দিয়েছিলেন সালমান। এ ছাড়া টাইগারের বাবা জ্যাকি শ্রফও একাধিক সিনেমায় সালমানের সঙ্গে কাজ করেছেন।

এর আগে ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়। ওই হত্যাকাণ্ডের পরও বিষ্ণোই গ্যাংয়ের নাম আলোচনায় এসেছিল।

সর্বশেষ সংবাদ

‘১২ ও ৪০ দিনের যুদ্ধের চেয়েও ধ্বংসাত্মক পরিকল্পনা প্রস্তুত ইরানের’

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হলে তার জবাব আগের যুদ্ধগুলোর চেয়েও ভয়াবহ হতে পারে—এমন হুঁশিয়ারি...

এই বিভাগের অন্যান্য সংবাদ