যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের কারণে দেশজুড়ে জারি থাকা তীব্র ইন্টারনেট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্থগিত করে দিয়েছে ইরানের কট্টরপন্থী বিচার বিভাগ। সোমবার (২৫ মে) দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিশেষ নির্দেশনায় ইন্টারনেট সেবা চালুর যে আদেশ দেওয়া হয়েছিল, মঙ্গলবার (২৬ মে) আইনি আদেশে তা বাতিল করে বিচার বিভাগ।
ইরানের বিচার বিভাগের অফিশিয়াল বার্তা সংস্থা ‘মিজান অনলাইন’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারনেট সচল করার লক্ষ্যে গঠিত বিশেষ সরকারি কমিটি স্পেশাল হেডকোয়ার্টার্স ফর অর্গানাইজিং অ্যান্ড গভর্নিং দ্য কান্ট্রিজ সাইবারস্পেস-এর বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ দায়ের হওয়ার পর উচ্চ আদালতের পক্ষ থেকে এই স্থগিতাদেশ জারি করা হয়েছে।
এর আগে ইরানের সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছিলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের বিশেষ ডিক্রির পর ওই উচ্চপর্যায়ের কমিটি দেশজুড়ে ইন্টারনেট পরিষেবা পুনরুজ্জীবিত বা স্বাভাবিক করার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু ২৪ ঘণ্টা পার হওয়ার আগেই বিচার বিভাগের হস্তক্ষেপে থমকে গেল সরকারের এই সিদ্ধান্ত।
সম্প্রতি সাধারণ ইন্টারনেট বন্ধ রেখে প্রযুক্তি খাতের বড় ধাক্কা সামলাতে ইরান প্রো ইন্টারনেট নামে একটি স্তরভিত্তিক বা টায়ার্ড ইন্টারনেট ব্যবস্থা চালু করেছিল। ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই বিশেষ ব্যবস্থার অধীনে নির্দিষ্ট কিছু পেশাজীবী ও ব্যবসায়ী গ্রুপকে চড়া মূল্যের বিনিময়ে সীমিত পরিসরে আন্তর্জাতিক সাইবার দুনিয়ায় প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছিল।

