spot_img

২৯ কার্যদিবসেই রায়, শিশু ধর্ষকের মৃত্যুদণ্ড

অবশ্যই পরুন

মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের মামলায় শাকিল হোসেন (২৪) নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে এই ঐতিহাসিক মামলার রায় ঘোষণা করা হলো।

রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত শাকিল মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আবদাল হকের ছেলে।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার একটি গ্রামে অভিযুক্ত শাকিল হোসেন একই গ্রামের ৯ বছর বয়সী এক শিশুকে কৌশলে পাটখেতে ডেকে নিয়ে যায়। সেখানে ভয়ভীতি দেখিয়ে সে শিশুটিকে ধর্ষণ করে। এই ঘটনার পর শিশুর বাবা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে আদালতে সাক্ষ্য-প্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

এই রায়ের ব্যাপারে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোস্তাফিজুর রহমান তুহিন সন্তোষ প্রকাশ করে বলেন, মাত্র ২৯ কার্যদিবসের মধ্যে এই ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হয়েছে। দ্রুততম সময়ে এমন দৃষ্টান্তমূলক রায় দেওয়ায় তারা অত্যন্ত সন্তুষ্ট।

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন জানান, তারা এই রায়ে সংক্ষুব্ধ এবং ন্যায়বিচারের আশায় খুব দ্রুত উচ্চ আদালতে আপিল করবেন।

সর্বশেষ সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ