এক টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে চলতি মাসেই জিম্বাবুয়েতে যাবে বাংলাদেশ। শুক্রবার (২২ মে) পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।
টাইগারদের সফর শুরু হবে ২৮ জুন একমাত্র টেস্ট দিয়ে। হারারে স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ৬ থেকে ১১ জুলাইয়ের মধ্যে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ১৫ থেকে ১৯ জুলাই বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে অনুষ্ঠিত হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনি বিবৃতিতে বলেন, ‘সব সংস্করণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর সিরিজের প্রত্যাশায় বাংলাদেশের জিম্বাবুয়ে সফর নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত। এই সফরটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলতি বছরের শুরুর দিকে আইসিসি ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অসামান্য পারফরম্যান্সের পর এ সিরিজের মাধ্যমে ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে।’
উল্লেখ্য, টাইগাররা সবশেষ জিম্বাবুয়ে সফর করে ২০২২ সালের জুলাই-আগস্টে। সেই সময়ে কোনো টেস্ট ম্যাচ না থাকলেও হারারেতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি ও ওয়ানডে উভয় সিরিজই ২-১ ব্যবধানে জিতেছিল জিম্বাবুয়ে।

