সাভারের ট্যানারি শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রোববার (১৭ মে) রাজধানীর মতিঝিলে অনুষ্ঠিত টাস্কফোর্সের ৯ম সভায় তিনি এ নির্দেশনা দেন।
চামড়া শিল্প খাতের উন্নয়ন, সুপারিশ প্রণয়ন ও কর্মপরিকল্পনা নির্ধারণে শিল্প মন্ত্রণালয়ের গঠিত টাস্কফোর্সের সভায় মন্ত্রী বলেন, চামড়া শিল্পকে লাভজনক খাতে পরিণত করতে হলে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার (সিইটিপি) আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করা জরুরি।
তিনি আরও বলেন, সাভারের ট্যানারি শিল্পে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটতে দেওয়া যাবে না। একই সঙ্গে এ খাতের ব্যবসায়ীদের আর্থিক সহায়তা দ্রুত প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানান তিনি।
মন্ত্রী মনে করেন, চামড়া শিল্পের টেকসই বিকাশ নিশ্চিত করতে সরকারি নীতি সহায়তা, আধুনিক প্রযুক্তি এবং আন্তর্জাতিক মান অনুসরণ অপরিহার্য।

