spot_img

এআইয়ের মাধ্যমে কোরআন শিক্ষায় নতুন দিগন্ত

অবশ্যই পরুন

পবিত্র কোরআনের বৈশ্বিক বোঝাপড়া আরও সহজ, নির্ভুল ও আধুনিক করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সৌদির কিং সাউথ বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি ‘পবিত্র কোরআনের সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক এক সম্মেলনে তাদের অত্যাধুনিক প্রকল্প ‘স্মার্ট রিসাইটার’ উপস্থাপন করেছে, যা ইতোমধ্যেই প্রযুক্তি ও ধর্মীয় শিক্ষার সংযোগস্থলে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ‘স্মার্ট রিসাইটার’ মূলত একটি গবেষণাভিত্তিক ডিজিটাল উদ্যোগ, যার লক্ষ্য কোরআনের বিষয়বস্তুকে আরও বিস্তৃতভাবে বিশ্বজুড়ে পৌঁছে দেওয়া। কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সহায়তায় তৈরি এই প্ল্যাটফর্ম এমন সব ইন্টারেক্টিভ টুল সরবরাহ করে, যা ব্যবহারকারীদের কোরআনের অর্থ আরও স্পষ্ট, গভীর ও নির্ভুলভাবে বুঝতে সাহায্য করে, বিশেষ করে যারা আরবি ভাষাভাষী নন।

এই প্ল্যাটফর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো, বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদের বাস্তবধর্মী অডিও তৈরি করার সক্ষমতা। ফলে একজন ব্যবহারকারী শুধু পড়েই নয়, শুনেও কোরআনের অর্থ অনুধাবন করতে পারেন। মানব কণ্ঠের মতো স্বাভাবিক আবৃত্তির অনুকরণে তৈরি এই প্রযুক্তি ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও জীবন্ত ও সহজবোধ্য করে তোলে। এছাড়া, প্ল্যাটফর্মটিতে রয়েছে উন্নত টীকাযুক্ত (annotated) পাঠ্যব্যবস্থা, যা প্রতিটি আয়াতের সূক্ষ্ম অর্থ ও প্রাসঙ্গিক ব্যাখ্যা তুলে ধরতে সহায়তা করে। ‘স্মার্ট রিসাইটার’-এ ব্যবহূত হয়েছে একটি উন্নত প্রাসঙ্গিক ট্যাগিং সিস্টেম, যা শব্দ ও বাক্যের স্তরে সঠিক বিরতি, ধ্বনি ও অর্থগত ধারাবাহিকতা নির্ধারণ করতে পারে। এর সঙ্গে যুক্ত অডিও মডেল আরবি হরফের শুদ্ধ উচ্চারণ বজায় রেখে বাস্তবসম্মত আবৃত্তি তৈরি করে। ব্যবহারকারীরা চাইলে আবৃত্তির পিচ, গতি ও বিরতিও নিয়ন্ত্রণ করতে পারেন, যাতে অনূদিত পাঠ্যের ব্যাখ্যামূলক অর্থের সঙ্গে সঙ্গতি বজায় থাকে।

এই প্রকল্প বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ও তথ্য বিজ্ঞান কলেজের দক্ষতা এবং দেশীয় প্রযুক্তিগত অংশীদারদের সহযোগিতার ফল। এটি প্রমাণ করে, ধর্মীয় জ্ঞান বিস্তারে আধুনিক প্রযুক্তি কীভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে। প্রকল্পটির আয়োজকরা এর পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছেন। ভবিষ্যতে এতে আরো ভাষা ও বিভিন্ন কারির কণ্ঠ সংযোজন করা হবে, যাতে বিশ্বজুড়ে দেড় বিলিয়নেরও বেশি মুসলমান উপকৃত হতে পারেন। বিশ্লেষকদের মতে, ‘স্মার্ট রিসাইটার’ শুধু একটি প্রযুক্তিগত উদ্ভাবন নয়; বরং এটি কোরআনের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে সৌদি আরবের অগ্রণী ভূমিকার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

সর্বশেষ সংবাদ

অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

অভিবাসন ব্যবস্থাপনায় আরও কার্যকর ও সমন্বিত বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি...

এই বিভাগের অন্যান্য সংবাদ