যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এককভাবে যুদ্ধ ঘোষণার ক্ষমতা সীমিত করতে আনা প্রস্তাবের ওপর পঞ্চমবারের মতো মার্কিন সিনেটে ভোটের আয়োজন করতে চায় ডেমোক্রেটরা।
সিনেটের সংখ্যালঘু ডেমোক্রেট নেতা চাক শুমার এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধক্ষমতা সংক্রান্ত প্রস্তাবের ওপর এই ভোট অনুষ্ঠিত হবে, যার লক্ষ্য হলো ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ বন্ধ করা।
রিপাবলিকানদের কঠোর সমালোচনা করে চাক শুমার বলেন, ‘আমাদের সেনারা যখন সম্মুখসমরে জীবন বাজি রাখছেন, তখন সিনেটের রিপাবলিকানরা হাত গুটিয়ে বসে থাকতে পারেন না।’
ডেমোক্রেট চাক শুমার আরও বলেন, ‘যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত আমরা তাঁদের অবস্থান স্পষ্ট করতে বাধ্য করবো অথবা এই যুদ্ধ বন্ধ করতে আমাদের পক্ষে ভোট দেওয়ার মতো যথেষ্ট সাহসী রিপাবলিকান খুঁজে পাওয়া পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব।’
যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী, কেবল কংগ্রেস যুদ্ধ ঘোষণা করতে পারে, প্রেসিডেন্ট নয়।
মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটরা বারবার চেষ্টা করছেন যাতে যেকোনো সামরিক অভিযান শুরুর আগে ট্রাম্প কংগ্রেসের অনুমোদন নিতে বাধ্য থাকেন। তবে সিনেট ও প্রতিনিধি পরিষদ উভয় কক্ষেই ট্রাম্পের রিপাবলিকান সহযোগীরা অল্প ব্যবধানে সংখ্যাগরিষ্ঠ থাকায়, তাঁরা ডেমোক্রেটদের এই পদক্ষেপগুলো বারবার আটকে দিচ্ছেন।
সূত্র: আল–জাজিরা

