ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগের সঙ্গে সৌজন্য সাক্ষাতে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরুজ্জীবিত করার উদ্যোগে ভুটানের সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দাশো শেরিং তোবগেকে উষ্ণ শুভেচ্ছা জানান দুই মন্ত্রী। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৈঠকে বাংলাদেশ ও ভুটানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম দেশ হিসেবে ভুটানের স্বীকৃতি দেওয়ার ঐতিহাসিক ঘটনার কথাও স্মরণ করা হয়।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি উন্নয়ন প্রকল্পে সহযোগিতার আগ্রহ প্রকাশ করে বাংলাদেশ। বিশেষ করে ওই প্রকল্পে বাংলাদেশ থেকে পেশাজীবী, দক্ষ ও আধা-দক্ষ জনবল সরবরাহের বিষয়ে আগ্রহের কথা জানানো হয়।
বৈঠকে দক্ষিণ এশিয়ার সমৃদ্ধির জন্য প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আঞ্চলিক সহযোগিতার ভাবনার প্রসঙ্গ তুলে ধরে সার্ককে কার্যকর করতে ভুটানের সহযোগিতা কামনা করেন বাংলাদেশের দুই মন্ত্রী।
সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এর আগে ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ঢাকায় প্রায় এক ঘণ্টা ভিভিআইপি লাউঞ্জে অবস্থান করেন। পরে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

