প্রিমিয়ার লিগের পর এবার ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগ থেকেও অবনমনের শঙ্কায় হামজা চৌধুরীর লেস্টার সিটি। ২০১৬ সালে প্রিমিয়ার লিগ জেতা ক্লাবটি আগামী মৌসুমে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর লিগ ওয়ানে নেমে যেতে পারে।
মূলত, মাঠের ফুটবলে লাগাতার দুর্দশা আর আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে ৬ পয়েন্ট কেটে যাওয়ায় এমন দুরবস্থায় পড়েছে ক্লাবটি। ২০২১-২২ থেকে ২০২৩-২৪ মৌসুম পর্যন্ত তিন বছরের সময়সীমায় প্রফিট অ্যান্ড সাসটেইনেবিলিটি’ সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করে লেস্টার।
এর আগে, শাস্তির সিদ্ধান্ত পাওয়ার পর ৫ ফেব্রুয়ারি লেস্টার এটিকে ‘অসামঞ্জস্যপূর্ণ’ বলে অভিহিত করেছিল। আপিলেও সেই শাস্তি বহাল থাকায় ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এখন বিষয়টি শেষ হয়েছে এবং মৌসুমে পাঁচটি ম্যাচ বাকি। তাই আমরা পুরোপুরি মাঠের পারফরম্যান্সে মনোযোগ দিচ্ছি।’
চ্যাম্পিয়নশিপ থেকে প্রমোশন পাওয়ার ওই সময়ে তাদের ঘাটতির পরিমাণ ছিল ২০ কোটি পাউন্ডের বেশি। আর্থিক নিয়ম লঙ্ঘনের দায়ে স্বাধীন কমিশন লেস্টার ক্লাবটির ৬ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত দিলে তাৎক্ষণিকভাবে চ্যাম্পিয়নশিপে ১৭তম থেকে ২০তম স্থানে নেমে যায় তারা।
উল্লেখ্য, ২০০৮ সালের পর আবারও লিগ ওয়ানে খেলা এড়াতে এখন শেষ পাঁচ ম্যাচে তাকিয়ে থাকতে হবে হামজা চৌধুরীদের।

