spot_img

আর্জেন্টিনাকে হুঁশিয়ারি উরুগুয়ের আরাউহোর

অবশ্যই পরুন

লিওনেল মেসি নেই। আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে এটিকেই বড় সুযোগ হিসেবে দেখছে উরুগুয়ে। বিশ্বসেরা ফুটবলারের অনুপস্থিতি কাজে লাগাতে চায় তারা। উরুগুয়ের ডিফেন্ডার রোনাল্দ আরাউহো তো সরাসরিই জানিয়ে দিয়েছেন, মেসি না থাকায় সুবিধা নেওয়ার চেষ্টা করবেন তারা। তবে আর্জেন্টিনাকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই, সেটিও মনে করিয়ে দিয়েছেন বার্সেলোনার এই ডিফেন্ডার। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদন।

নভেম্বরের ফিফা আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা ও উরুগুয়ের প্রীতি ম্যাচ ঘিরে আলোচনার কেন্দ্রে মেসির অনুপস্থিতি। মেসিকে ছাড়া এটিই হতে যাচ্ছে আর্জেন্টিনার প্রথম ম্যাচ। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষকে নিয়ে নিজের ভাবনার কথা জানিয়েছেন আরাউহো। উরুগুয়ের এই ডিফেন্ডার বলেন, ‘শেষ পর্যন্ত তারা বিশ্বের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। আর আমরা সেটার সুযোগ নেওয়ার চেষ্টা করব।’

তবে মেসি না থাকলেও আর্জেন্টিনার শক্তি কমে যাবে না বলে মনে করেন আরাউহো। দলটির তরুণ ও প্রতিভাবান ফুটবলারদের সামর্থ্যের কথাও উল্লেখ করেছেন তিনি। আরাউহোর ভাষায়, ‘তাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে, অনেক প্রতিভাবান তরুণও রয়েছে। তারা এমন একটি দল, যাদের কখনোই অবহেলা করা যায় না।’

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের কঠিন চ্যালেঞ্জ সম্পর্কেও সতর্ক উরুগুয়ের ডিফেন্ডার। নিজেদের খেলার ধরন ধরে রেখে জাতীয় দল হিসেবে আরও উন্নতি করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, ‘আর্জেন্টিনার বিপক্ষে প্রতিটি ম্যাচই কঠিন। তবে আমরা নিজেদের খেলার ধরন তুলে ধরতে চাই এবং জাতীয় দল হিসেবে আরও এগিয়ে যেতে চাই।’

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ জয়ের স্মৃতিও রোমন্থন করেছেন উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভার্দে। বুয়েনস এইরেসের বিখ্যাত বোম্বোনেরা স্টেডিয়ামে সর্বশেষ মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছিল উরুগুয়ে। মার্সেলো বিয়েলসার অধীনে সেটি ছিল দলটির অন্যতম সেরা পারফরম্যান্স।

সেই ম্যাচের স্মৃতি মনে করে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বলেন, ‘নিশ্চয়ই ওই ম্যাচ নিয়ে আলোচনা হবে। আর্জেন্টিনার বিপক্ষে আমাদের সর্বশেষ জয়টা এসেছিল সেখানেই। আমার মনে হয়, আমরা দারুণ একটি ম্যাচ খেলেছিলাম।’

আর্জেন্টিনার বিপক্ষে শুক্রবার ১৩ নভেম্বর বোকা জুনিয়র্সের মাঠ বোম্বোনেরায় অনুষ্ঠিত হওয়ার কথা ম্যাচটি।

সর্বশেষ সংবাদ

আপাতত অভিশংসন থেকে রক্ষা পেলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

ইরানে, কংগ্রেসের অনুমোদন ছাড়াই, সামরিক অভিযান পরিচালনার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত আটকে গেছে। মার্কিন প্রতিনিধি...

এই বিভাগের অন্যান্য সংবাদ