ইরানের নারী ফুটবল দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবং এশিয়ার ফুটবল সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) প্রতি আহ্বান জানিয়েছে পেশাদার ফুটবলারদের বৈশ্বিক প্রতিনিধিত্বকারী সংগঠন ফিফপ্রো।
২০২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপকে সামনে রেখে এই আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি বলেছে, ইরানের নারী জাতীয় দলের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
ঘটনার সূত্রপাত হয় যখন ইরানের নারী ফুটবল দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত এশিয়ান কাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামার আগে জাতীয় সংগীত গায়নি।
এরপর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিংয়ের উপস্থাপক মোহাম্মদ রেজা শাহবাজি একটি ভিডিও বার্তায় খেলোয়াড়দের দেশপ্রেমের অভাব দেখানোর অভিযোগ করেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে তিনি বলেন, তাদের এই আচরণ চরম অসম্মানের সামিল।
শাহবাজি আরও বলেন, ‘যুদ্ধের সময় বিশ্বাসঘাতকদের আরও কঠোরভাবে মোকাবিলা করা উচিত।’
সূত্র: আল জাজিরা

