বয়সটাকে স্রেফ সংখ্যা বানিয়ে ফেললেন ‘কিলার মিলার’ খ্যাত ডেভিড মিলার। ৩৭ পেরোনো এই ব্যাটসম্যান ২২ গজে এখনো যেভাবে ছুটছেন তাতে প্রতিপক্ষও যেন অবাক তাকিয়ে রয়!
রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হাতে এমন ঝড় তুলেছেন মিলার যা দেখে প্রতিপক্ষও অবাক। ২২ গজে চার ও ছক্কার বৃষ্টি নামান মিলার। ৯৩ বলে করলেন ১৪২ রান। যেখানে ছিল ১২টি চার ও ৯টি ছক্কা। জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণকে এলোমেলো করে মিলার এগিয়ে গেছেন তরতরিয়ে।
বাঁহাতি এই ব্যাটসম্যানের পাশাপাশি সেঞ্চুরি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা। ১০৩ রান করেন তিনি। তাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা। ৯ উইকেটে তাদের রান ৩৬৫। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৬৭ রানে ৫ উইকেট নেন জ্যাক এডওয়ার্ডস। ৩ উইকেট নেন জশ হ্যাজেলউড।
তেম্বা বাভুমা ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন। ১০ চার ও ২ ছক্কায় ১০৩ রান করেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তার দ্বিতীয় শতক। এর আগে ২০২৩ সালে ব্লুমফেন্টনে ১১৪ রান করেছিলেন। মিডল অর্ডার ব্যাটসম্যান মিলার পেয়েছেন ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি। ২০১০ সালে ক্যারিয়ার শুরু তার। ১৬ বছর কাটানোর পর আজই পেয়েছেন ক্যারিয়ার সেরা ইনিংস। ৪৫ বলে ফিফটি পূরণ করেন মিলার। পরের ৫০ রান পেতে বাঁহাতি ব্যাটসম্যান খেলেন ২৮ বল। শেষ পর্যন্ত ১৪২ রান করেন ৯৩ বলে।
এর আগে ২০১৮ সালে হোবার্টেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৯ রান করেছিলেন তিনি। ক্যারিয়ারের আট সেঞ্চুরির চারটিই মিলার পেয়েছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া সেঞ্চুরি আছে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
অস্ট্রেলিয়ার জন্য আজ বাঁচা-মরার লড়াই। তিন ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০ ব্যবধানে পিছিয়ে আছে। আজ হারলেই সিরিজ হারবে অতিথিরা।

