গাজায় চলমান যুদ্ধ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের মানবতাবিরোধী অভিযানের বিষয়ে নীরব থাকার অভিযোগে সমালোচনার মুখে পড়েছে বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র প্রদর্শনী। বিশ্বের ৮০ জনের অধিক অভিনেতা ও পরিচালক উৎসব কর্তৃপক্ষের কাছে একটি উন্মুক্ত চিঠি পাঠিয়ে ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন।
চিঠিতে বলা হয়, গাজায় ফিলিস্তিনিদের চলমান হত্যাকাণ্ডের বিরুদ্ধে কথা বলা শিল্পীদের চুপ করিয়ে দেওয়ার ক্ষেত্রে বার্লিন উৎসবের ‘ধারাবাহিক ভূমিকা’ দেখে স্বাক্ষরকারীরা মর্মাহত। তারা উৎসবকে তার ‘নৈতিক দায়িত্ব’ পালনের আহ্বান জানিয়ে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের স্পষ্ট বিরোধিতা জানানোর দাবি তোলেন। একই সঙ্গে ইসরায়েলকে সমালোচনা ও জবাবদিহি থেকে আড়াল করার সব ধরনের সম্পৃক্ততা বন্ধ করার আহ্বানও জানানো হয়।
এই চিঠি সমন্বয় করেছে ‘ফিল্ম ওয়ার্কার্স ফর ফিলিস্তিন’। স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন স্প্যানিশ অভিনেতা হাভিয়ের বারদেম, ব্রিটিশ অভিনেত্রী টিল্ডা সুইনটন, মার্কিন পরিচালক অ্যাডাম ম্যাকে, ব্রাজিলীয় নির্মাতাফার্নান্দো মেইরেলেস, ব্রিটিশ পরিচালক মাইক লি এবং ফরাসি শিল্পী ব্লঁশ গার্দ্যাঁ ও আদেল এনেল।
এদিকে ভারতীয় লেখক অরুন্ধতী রায় উৎসবের আয়োজকদের ইসরায়েলের পদক্ষেপ ও গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে ব্যর্থতার প্রতিবাদ জানিয়ে নিজের অংশগ্রহণ প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।
চিঠিতে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের অপরাধ নিয়ে উৎসবের নীরবতার তীব্র সমালোচনা করা হয় এবং আন্তর্জাতিক সাংস্কৃতিক অঙ্গনে ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে আরও জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়।
সূত্র: মিডল ইস্ট মনিটর

