ব্রিকস কোনো সামরিক জোট নয় এবং একে সামরিক জোটে রূপান্তরের কোনো পরিকল্পনাও নেই—এমনটাই জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
রিয়াবকভ বলেন, ‘আমি স্মরণ করিয়ে দিতে চাই যে ব্রিকস কোনো সামরিক জোট নয় এবং এটি কোনো সমষ্টিগত নিরাপত্তা সংস্থা বা যৌথ প্রতিরক্ষা প্রতিশ্রুতির কাঠামোও নয়। কখনোই এমনভাবে এটি গড়ে তোলার পরিকল্পনা ছিল না এবং ভবিষ্যতেও সে উদ্দেশ্যে রূপান্তরের কোনো পরিকল্পনা নেই।’
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত সাম্প্রতিক নৌ-মহড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘নৌ-মহড়ায় ব্রিকসের সদস্য দেশগুলো অংশ নিয়েছিল নিজ নিজ সার্বভৌম রাষ্ট্র হিসেবে। এটি ব্রিকসের কোনো আনুষ্ঠানিক উদ্যোগ ছিল না।’
ব্রিকস কি তার সদস্য দেশগুলোর বাণিজ্যিক জাহাজকে আক্রমণ থেকে সুরক্ষা দিতে পারে—এমন প্রশ্নের জবাবে রিয়াবকভ বলেন, ‘এই উদ্দেশ্যে ব্রিকসের কোনো যৌথ পদক্ষেপ নেই। লজিস্টিক উন্নয়ন এবং নিষেধাজ্ঞা থেকে অধিক সুরক্ষা নিশ্চিত করার বাইরে আমাদের কোনো সমষ্টিগত ব্যবস্থা নেই। এ ধরনের নিরাপত্তা অন্য উপায়ে নিশ্চিত করতে হবে।’

