ইরানের সঙ্গে পাকিস্তানের সম্পর্ককে ‘অসাধারণ, গভীর ও ঐতিহাসিক’ বলে আখ্যায়িত করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।
তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে ইরানের সম্পর্ক কেবল ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যকার মধ্যস্থতার মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং দীর্ঘদিনের আস্থা, আন্তরিকতা ও ঐতিহাসিক বন্ধনের ওপর দাঁড়িয়ে রয়েছে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক।
বাঘাইয়ের ভাষ্য অনুযায়ী, পাকিস্তানের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়া প্রথম দেশ ছিল ইরান। গত কয়েক দশক ধরে দুই দেশ ধারাবাহিকভাবে চমৎকার সম্পর্ক বজায় রেখেছে। আর এই আস্থা ও শক্তিশালী সম্পর্কের কারণেই মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানকে বেছে নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বিরোধ নিরসনে পাকিস্তানসহ অন্যান্য মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে তেহরান গুরুত্বের সঙ্গে দেখে এবং এ ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা দিতে প্রস্তুত।
তবে বাঘাইয়ের অভিযোগ, ঐতিহাসিক নথিপত্র পর্যালোচনা করলে দেখা যায়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবি ও অযৌক্তিক অবস্থানই বারবার কূটনৈতিক আলোচনার পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। এর ফলে মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা প্রত্যাশিত সাফল্য পায়নি। আল জাজিরা

