অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের কারণে দীর্ঘদিন আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী ও ডান্স ডিভা মালাইকা আরোরা। তাদের প্রেম, বিচ্ছেদ ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে কম আলোচনা হয়নি। সেই অধ্যায় পেছনে ফেলে এবার নতুন করে প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের খবর, এবার এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মালাইকা। তার নতুন প্রেমিক হিসেবে উঠে এসেছে হর্ষ মেহতার নাম। যদিও এ বিষয়ে মালাইকা বা হর্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের অক্টোবরে মুম্বাইয়ে সংগীতশিল্পী এনরিকে ইগলেসিয়াসের কনসার্টে প্রথমবার হর্ষ মেহতার সঙ্গে দেখা যায় মালাইকাকে। ওই অনুষ্ঠানে দুজনকে দীর্ঘ সময় একসঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল।
প্রথমে বিষয়টিকে স্বাভাবিক পরিচয় হিসেবেই দেখেছিলেন অনুরাগীরা। তবে পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় তাদের একসঙ্গে দেখা যাওয়ায় নতুন সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়ে।
গত ফেব্রুয়ারিতে ইতালি সফর ঘিরে সেই গুঞ্জন আরও জোরালো হয়। দেশটির রোমের বিখ্যাত ট্রেভি ফাউন্টেনের সামনে মালাইকা ও হর্ষের একটি ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।

