পে-স্কেল বাস্তবায়নের দাবিতে পুলিশের বাধা উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন দখল করেছেন সরকারি কর্মচারীরা। এ ঘটনায় যমুনা এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সকালে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ ও দ্রুত বাস্তবায়নের দাবিতে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সরকারি চাকরিজীবীরা সমাবেশ করেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করেন। সেখানে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
মিছিল বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে পৌঁছালে পুলিশ ব্যারিকেড দেয়। কর্মচারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। কিছু সময় মিছিল ছত্রভঙ্গ হলেও কর্মচারীরা পুনরায় যমুনা অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। এর ফলে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
বেলা সাড়ে ১১টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী সড়কে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে পুলিশ ১৪৪ ধারা জারি করে। ডিএমপি কমিশনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

