spot_img

ইত্তিহাদ ছেড়ে আল-হিলালে যোগ দিলেন বেনজেমা

অবশ্যই পরুন

সৌদি প্রো লিগের শিরোপা দৌড়ে নতুন করে উত্তেজনা ছড়াল করিম বেনজেমার দলবদলে। আল-ইত্তিহাদ ছেড়ে সৌদি ফুটবলের সবচেয়ে সফল ক্লাব আল-হিলালে যোগ দিয়েছেন ফরাসি তারকা এই ফরোয়ার্ড। সোমবার (২ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে আল-হিলালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন সাবেক ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। তার এই সিদ্ধান্ত সরাসরি চাপে ফেলেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর শিরোপা জয়ের স্বপ্নকে।

বর্তমানে লিগ টেবিলে এক পয়েন্ট ব্যবধানে আল-নাসরের চেয়ে এগিয়ে রয়েছে আল-হিলাল। এমন সময়ে বেনজেমার মতো অভিজ্ঞ ও ম্যাচজয়ী ফুটবলারের যোগ দেয়া দলটিকে শিরোপা দৌড়ে আরও এগিয়ে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ২০২২ সালে সৌদি আরবে পা রাখার পর এখনো পর্যন্ত সৌদি প্রো লিগের শিরোপা জিততে পারেননি রোনালদো। চলতি মৌসুমে যখন শিরোপা জয়ের স্বপ্ন আবারও জোরালো হচ্ছিল, ঠিক তখনই তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দলে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে দীর্ঘদিনের সতীর্থ বেনজেমা।

গত মৌসুমে আল-ইত্তিহাদের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছিলেন বেনজেমা। তার নেতৃত্ব ও গোলের ধারেই সৌদি লিগ শিরোপার পাশাপাশি কিংস কাপ জেতে ক্লাবটি। সৌদি ফুটবলে নিজের প্রভাব ইতোমধ্যেই প্রমাণ করা এই ফরাসি ফরোয়ার্ড এবার সেই অভিজ্ঞতা নিয়ে নামবেন আল-হিলালের জার্সিতে।

আল-হিলাল সৌদি ফুটবলের ইতিহাসে সবচেয়ে সফল ক্লাব। তাদের ঝুলিতে রয়েছে রেকর্ড ২১টি লিগ শিরোপা এবং চারটি এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি। শুধু ঘরোয়া পর্যায়েই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজেদের শক্তির জানান দিয়েছে দলটি। গত বছর ক্লাব বিশ্বকাপে ইউরোপীয় চ্যাম্পিয়ন পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিকে ৪–৩ গোলে হারিয়ে বিশ্ব ফুটবলেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে আল-হিলাল।

দুইবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট কোচ সিমোনে ইনজাগির অধীনে আল-হিলাল এখন এক সুসংগঠিত ও আক্রমণাত্মক দল। বেনজেমার সংযোজন ইনজাগির কৌশলকে আরও ধারালো করবে বলেই ধারণা করা হচ্ছে। ফলে চলতি মৌসুমে রোনালদোর আল-নাসরের জন্য সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে আল-হিলালই।

এদিকে আল-নাসরের ট্রান্সফার কার্যক্রম নিয়ে রোনালদোর অসন্তুষ্টির খবরও প্রকাশ করেছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম। এমন প্রেক্ষাপটে বেনজেমার আল-হিলালে যোগ দেয়া রোনালদোর শিরোপা স্বপ্নে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

সব মিলিয়ে সৌদি প্রো লিগের শিরোপা লড়াই এবার শুধুই ক্লাবের নয় দুই সাবেক রিয়াল মাদ্রিদ তারকা, রোনালদো ও বেনজেমার ব্যক্তিগত প্রতিদ্বন্দ্বিতাও নতুন মাত্রা পাচ্ছে। মাঠের লড়াইয়ে শেষ হাসি কে হাসবে, তা জানতে অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের, খামেনির জরুরি পরিকল্পনা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলা চালানোর ইচ্ছা প্রকাশ করেছেন, যার লক্ষ্য হিসাবে পরিত্যক্ত পারমাণবিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ