যে ব্যক্তি নীরব থাকে, সে সব সময় অক্ষম নয়। কেননা এমন কিছু নীরবতা আছে, যা মানুষকে কথার মর্যাদা রক্ষা করতে শেখায়, যাতে সে এমন কোনো কথার বাজারে নিজের কথাকে কলুষিত না করে, যেখানে অনর্থক কথা, তর্ক-বিতর্ক ও ঝগড়া-বিবাদে পরিবেশ ভরে গেছে।
নৈতিক নীরবতা মানে ভিন্ন এক উচ্চতর পন্থায় নিজের উপস্থিতি জানান দেওয়া। এটি প্রজ্ঞা, বিচক্ষণতা ও ভারসাম্যের মাধ্যমে নিজের অবস্থান প্রকাশ করে। আল্লাহ তাআলা বলেন, ‘আর রহমানের বান্দা তারাই, যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং অজ্ঞ ব্যক্তিরা যখন তাদের সঙ্গে কথা বলে, তখন তারা বলে, সালাম।’ (সুরা আল-ফুরকান, আয়াত : ৬৩)
এই আয়াত নৈতিক নীরবতার মূল শিক্ষা বহন করে। অর্থাত্, মূর্খ ও অজ্ঞ ব্যক্তির সঙ্গে অনর্থক বিতর্কে না জড়ানো দুর্বলতা নয়; বরং এটি আত্মমর্যাদা ও উন্নত মানসিকতার পরিচয়।
যে নীরবতা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে
উহুদ যুদ্ধে রাসুলুল্লাহ (সা.) যখন শত্রুদের পক্ষ থেকে নির্যাতন ও আঘাতের শিকার হয়েছিলেন, তখন তিনি তাদের বিরুদ্ধে প্রতিশোধের বদলে ক্ষমা ও কল্যাণের দোয়া করেছিলেন। তিনি বলেছিলেন—‘হে আল্লাহ! আমার সম্প্রদায়কে ক্ষমা করে দিন। কেননা তারা জানে না।’ (মুসলিম, হাদিস : ১৭৯২)
তাঁর এই আচরণ ছিল এমন এক নৈতিক শিক্ষা, যা যেকোনো তর্ক-বিতর্কের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তিনি মানুষকে শিখিয়েছেন, কখনো কখনো নীরবতা দিয়েও কথার ক্ষত নিরাময় করা যায় এবং নিজের মর্যাদা প্রমাণ করার জন্য চিত্কার করার প্রয়োজন হয় না।
প্রকৃতপক্ষে, নৈতিক নীরবতা হলো বিবেকের সেই কণ্ঠস্বর, যা উত্তেজনা ও আবেগের পরিবর্তে শান্ত থাকার সিদ্ধান্ত গ্রহণ করে। এটি মানুষকে কথা বলার আগে চিন্তা-ভাবনা করতে শেখায়, যাতে তার প্রতিটি কথা দায়িত্বশীল অবস্থানের বহিঃপ্রকাশ হয়; ক্ষণস্থায়ী আবেগের প্রতিক্রিয়া না হয়।
কখন নীরবতা মহত্ গুণ, আর কখন তা অপরাধ?
সব নীরবতাই মহত্ গুণ নয়, আবার সব কথাও দোষণীয় নয়। নৈতিক নীরবতা হলো সেই নীরবতা, যা ভীরুতা কিংবা উদাসীনতার কারণে নয়; বরং সচেতনতা, বিবেক ও দায়িত্ববোধ থেকে অবলম্বন করা হয়।
অন্যায়-অবিচারের বিরুদ্ধে নীরব থাকা প্রশংসনীয় চরিত্র নয়; বরং এটি নৈতিক মূল্যবোধের সঙ্গে বিশ্বাসঘাতকতা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে যে কেউ কোনো অন্যায় কাজ হতে দেখবে, সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে। যদি সে তা করতে সক্ষম না হয়, তাহলে যেন মুখের মাধ্যমে প্রতিবাদ করে। আর যদি তাও করতে সক্ষম না হয়, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটি ঈমানের দুর্বলতম স্তর।’ (মুসলিম, হাদিস : ৪৯)
সুতরাং যখন কথা বলা অন্যায় প্রতিরোধ ও সংশোধনের মাধ্যম হয়, তখন নীরব থাকা ভুল। নৈতিক নীরবতার অর্থ অন্যায়ের ব্যাপারে নিরপেক্ষ থাকা নয়; বরং কখন, কীভাবে এবং কোন পদ্ধতিতে কথা বললে অধিক কল্যাণ সাধিত হবে, তা নির্বাচন করা।
চিরন্তন মানবিক মূল্যবোধ হিসেবে নীরবতা
নৈতিক নীরবতা কোনো ক্ষণস্থায়ী আচরণ নয়; বরং এটি এমন একটি মানবিক মূল্যবোধ, যা সময় ও স্থান অতিক্রম করে যুগ যুগ ধরে টিকে থাকে। এটি জ্ঞানীদের ভাষা, নবীদের আদর্শ এবং আল্লাহর পরিচয় লাভকারী প্রজ্ঞাবান ব্যক্তিদের জীবনাচরণ। তাঁরা উপলব্ধি করেছেন যে, কোলাহল কখনো প্রকৃত চিন্তাশক্তি সৃষ্টি করতে পারে না; বরং প্রজ্ঞা ও বিচক্ষণতা শান্ত পরিবেশেই বিকশিত হয়।
অজ্ঞতার সামনে নীরবতা মানুষকে শিক্ষা দেয়, প্রজ্ঞার সামনে নীরবতা মনোযোগ দিয়ে শুনতে শেখায়, আর অন্যায়ের সামনে নীরবতা মানে ধৈর্য ও দৃঢ়তার সঙ্গে অন্যায় প্রতিরোধ করা। ইবরাহিম ইবনে বাশশার বলেন, আমি ইবরাহিম ইবনে আদহাম (রহ.)-কে ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, ইবাদতের মূল হলো চিন্তা-ভাবনা এবং নীরবতা; তবে আল্লাহর জিকির এর ব্যতিক্রম। (হিলইয়াতুল আওলিয়া ওয়া তাবাকাতুল আসফিয়া, আবু নুয়াইম আল-ইসফাহানি, খণ্ড ৮, পৃষ্ঠা ১৭)
নৈতিক নীরবতা হলো সেই শান্ত আলো, যা চারপাশের সব শব্দ থেমে গেলেও আমাদের পথ দেখায়। এটি জীবন থেকে পালিয়ে যাওয়া নয়; বরং আরও সুন্দর ও নির্মলভাবে জীবনযাপন করার একটি পদ্ধতি।
যেমন মেঘ বৃষ্টি বর্ষণের আগে নিজেকে কিছুটা সময় দেয়, তেমনি একজন বিচক্ষণ মানুষও কথা বলার আগে নিজেকে কিছুটা সময় দেয়।
এই নীরবতার মধ্যেই নৈতিকতা তার সবচেয়ে নির্মল রূপে প্রকাশিত হয়। এভাবেই নৈতিক নীরবতা হয়ে ওঠে নির্মল বিবেকের দর্পণ এবং দয়া ও প্রজ্ঞার মধ্যে সংযোগ স্থাপনকারী এক সেতু।

