spot_img

শর্ত যা-ই হোক, ইরান যুদ্ধের অবসান চায় অধিকাংশ মার্কিন নাগরিক: জরিপ

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ অবিলম্বে বন্ধের পক্ষে মত দিয়েছেন অধিকাংশ মার্কিন নাগরিক। এমনকি যুদ্ধ বন্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে কম সুবিধাজনক শর্ত মেনে নিতে হলেও তারা তাতে রাজি। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, জনমত জরিপে দেখা গেছে, ৫৫ শতাংশ মার্কিনি এখনই যুদ্ধ বন্ধের পক্ষে। জরিপে অংশগ্রহণকারীদের বড় একটি অংশ যুদ্ধের জন্য সামরিক বরাদ্দ বন্ধ করতে কংগ্রেসের প্রতি আহ্বানও জানিয়েছেন। একই সঙ্গে যুদ্ধের যৌক্তিকতা এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়েও মার্কিন নাগরিকদের মধ্যে সংশয় দেখা গেছে।

জরিপে অংশ নেয়া ৫৫ শতাংশ মানুষ বলেছেন, ‘শর্ত যা-ই হোক, এখনই যুদ্ধ বন্ধ করা উচিত।’ ডেমোক্র্যাট ও স্বতন্ত্র ভোটারদের মধ্যে এ মতের সমর্থন আরও বেশি। তাদের যথাক্রমে ৮০ ও ৫৯ শতাংশ যুদ্ধ বন্ধের পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে এ মতের সমর্থন ২৫ শতাংশ।

এদিকে ডেমোক্র্যাট ভোটারদের বড় একটি অংশ যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ওপর চাপ তৈরির পক্ষেও মত দিয়েছেন। দলটির ৫৩ শতাংশ সমর্থক মনে করেন, সামরিক অভিযানের জন্য অর্থ বরাদ্দ আটকে দিতে পারে কংগ্রেস।

আর ৫১ শতাংশ উত্তরদাতা আগামী বাজেট আলোচনা চলাকালে ইরান যুদ্ধের জন্য অর্থায়ন বন্ধের পক্ষে। এমনকি এর ফলে কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি থাকলেও তারা এ পদক্ষেপ সমর্থন করবেন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড ও গবেষণা প্রতিষ্ঠান ইপসোসের সর্বশেষ ‘ক্রিটিক্যাল ইস্যুজ পোল’-এ এসব তথ্য উঠে এসেছে। জরিপটির প্রধান গবেষক শিবলি তালহামি বলেন, যুদ্ধের শর্ত যা-ই হোক, তা বন্ধের পক্ষে এত বেশি মানুষের সমর্থন দেখে তিনি বিস্মিত হয়েছেন।

আল জাজিরাকে তিনি বলেন, ‘আমরা জানতাম, মানুষ এই যুদ্ধের তীব্র বিরোধিতা করছে এবং এর অবসান চায়। তবে যুদ্ধ বন্ধ করতে তারা কী ধরনের শর্ত মেনে নিতে প্রস্তুত, তা নিয়ে আমাদের কিছুটা অনিশ্চয়তা ছিল।’

জরিপে যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের ১ হাজার ২২ জন প্রাপ্তবয়স্ক নাগরিকের মতামত নেয়া হয়। একটি প্রশ্নে তাদের সামনে তিনটি অপশন রাখা হয়েছিল। সেগুলো হলো—অবিলম্বে যুদ্ধ বন্ধ করা, সামরিক অভিযান আরও জোরদার করা অথবা ইরানের কাছ থেকে ছাড় আদায় করতে বর্তমান অবস্থান বজায় রাখা।

জরিপে অংশ নেয়া মোট মানুষের মাত্র ২১ শতাংশ বর্তমান অবস্থান বজায় রাখার পক্ষে মত দিয়েছেন। আর সামরিক অভিযান জোরদারের পক্ষে ছিলেন ১৮ শতাংশ। শিবলি তালহামি বলেন, ‘জনমত স্পষ্টতই যুদ্ধ বন্ধের পক্ষে। যেভাবেই হোক, মানুষ এখনই এর অবসান চায়।’

যুদ্ধের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন

যুদ্ধের পক্ষে মার্কিন সরকারের দেয়া যুক্তিগুলো নিয়েও ভোটারদের মধ্যে সংশয় দেখা গেছে। এসব যুক্তির মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার মতো বিষয়ও রয়েছে। ক্রিটিক্যাল ইস্যুজ পোলের জরিপে দেখা গেছে, মাত্র ২৮ শতাংশ মানুষ মনে করেন, যুদ্ধের ফলে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার দিক থেকে ইরান এখন আগের চেয়ে দুর্বল অবস্থানে রয়েছে।

ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে—এমন উদ্বেগের কথা দীর্ঘদিন ধরে জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়নে ২০০৩ সালে পারমাণবিক অস্ত্র কর্মসূচি পরিত্যাগের পর তেহরান এ ধরনের অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে, এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিও যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। যুদ্ধ শুরুর পরপরই বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ বন্ধ করে দেয় ইরান। এর জবাবে প্রণালিটিতে নৌ অবরোধ আরোপ করে ট্রাম্প প্রশাসন।

বিশ্বের মোট জ্বালানি তেলের সরবরাহের প্রায় ২০ শতাংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হয়। যুদ্ধের কারণে জ্বালানির দামও বেড়ে গেছে।

মঙ্গলবার প্রকাশিত জরিপে অংশ নেয়া প্রায় ৩৫ শতাংশ মানুষ মনে করেন, বর্তমানে হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইরানের হাতে। অন্যদিকে মাত্র ১২ দশমিক ৭ শতাংশ মনে করেন, এর নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে।

আল জাজিরা বলছে, জনপ্রিয়তা হারানো এই যুদ্ধ বন্ধে কতটা কঠোর অবস্থান নেয়া উচিত, তা নিয়ে ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে বিতর্কের মধ্যেই জরিপটি প্রকাশিত হলো। সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে যুদ্ধবিরোধী জনমত এবং জ্বালানির মূল্যবৃদ্ধির মতো সংশ্লিষ্ট ইস্যুগুলো ডেমোক্র্যাটদের বড় সাফল্যে ভূমিকা রেখেছে।

অন্যদিকে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি আধুনিক মার্কিন ইতিহাসের অন্যতম বড় নির্বাচনী বিপর্যয়ের মুখে পড়েছে। কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে দলটি।

ডেমোক্র্যাটিক পার্টির যুদ্ধবিরোধী ও বামঘেঁষা নেতারা নির্বাচনের ফলাফলকে প্রমাণ হিসেবে তুলে ধরছেন। তাদের মতে, ভোটাররা শুধু যুদ্ধের অবসানই চান না, ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনও বন্ধ দেখতে চান তারা।

তবে দলের এই অবস্থানের সঙ্গে দ্বিমত রয়েছে তুলনামূলক কঠোর অবস্থানপন্থি নেতাদের। ডেমোক্র্যাটিক পার্টির নেতা হাকিম জেফরিস ও সিনেটর চাক শুমার দুজনই যুদ্ধ বন্ধের পক্ষে কথা বলেছেন। তবে এ লক্ষ্য অর্জনে কঠোর কোনো পদক্ষেপ নেয়ার বিষয়ে তারা এখনো অঙ্গীকার করেননি।

শিবলি তালহামি বলেন, ‘ডেমোক্র্যাটিক পার্টির অনেক নেতা এই ইস্যুতে সাধারণ মানুষের মনোভাবের তীব্রতা বুঝতে পারছেন না। তারা নিজেদের অবস্থান পরিবর্তন না করলে জনমত থেকে পিছিয়ে পড়বেন।’

তিনি আরও বলেন, সিনেটর বার্নি স্যান্ডার্স ও সিনেটর ক্রিস ভ্যান হলেনের মতো প্রগতিশীল নেতারা আরও কঠোর অবস্থান নেয়ার জন্য চাপ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্র্যাটিক সংখ্যাগরিষ্ঠ দলের নেতৃত্ব নিতে চাক শুমারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভ্যান হলেন। যুদ্ধের ইস্যুতে তিনি দলের মধ্যপন্থি নেতৃত্বকে ভোটারদের মনোভাবের সঙ্গে অসংগতিপূর্ণ হিসেবে তুলে ধরছেন।

জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট ভোটাররা চাক শুমারের তুলনায় ক্রিস ভ্যান হলেনকে প্রায় তিন গুণ বেশি পছন্দ করেন।

সর্বশেষ সংবাদ

মিস ইউনিভার্সের সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন সামিরা খান মাহি

মিস ইউনিভার্সের ৭৫তম আসরের সেরা ৩০-এ জায়গা করে নিতে না পারায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা...

এই বিভাগের অন্যান্য সংবাদ