spot_img

তাজমহল দেখতে চেয়েছিলেন পাক মন্ত্রী, অনুমতি দিল না ভারত

অবশ্যই পরুন

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) বৈঠকে যোগ দিতে ভারতের রাজধানী দিল্লি সফর করছেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। ২০২৩ সালে গোয়ায় এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর এটিই কোনো পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রীর প্রথম ভারত সফর। তবে তার এই সফর ঘিরে ভারতের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।

২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারতের সামরিক অভিযান ‘অপারেশন সিঁদুর’ দুই দেশের সম্পর্কে নতুন করে উত্তেজনা সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে পাকিস্তানি মন্ত্রীর ভারত সফর এবং তাকে আমন্ত্রণ জানানো নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলো। তাদের প্রশ্ন, পেহেলগাম হামলার পর এমন কী পরিবর্তন হয়েছে যে পাকিস্তানের প্রতি ভারতের নীতিতে পরিবর্তন আনতে হচ্ছে?

পাকিস্তানের সঙ্গে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়েও মুসাদিক মালিকের আগের আক্রমণাত্মক মন্তব্য সামনে এনেছে বিরোধীরা।

এদিকে ভারত সফরে পাকিস্তানি মন্ত্রী আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন। তবে ভারত সরকার এসসিও বৈঠকের বাইরে অন্য কোনো কর্মসূচিতে অংশ নেওয়ার অনুমতি দেয়নি। তাকে স্পষ্ট জানানো হয়েছে, সফরে কেবল এসসিও-সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানীতে ঐতিহাসিক পুরানা কেল্লায় প্রথমবারের মতো এসসিও সভ্যতাগত সংলাপ ফোরাম অনুষ্ঠিত হচ্ছে। গত ২৮ অক্টোবর ভারত সরকার প্রচলিত রীতি অনুসারে পাকিস্তানসহ সংস্থাটির সব সদস্য দেশকে আমন্ত্রণ জানানোর কথা ঘোষণা করে। পরে পাকিস্তান সরকার মুসাদিক মালিকের অংশগ্রহণ নিশ্চিত করে।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে এসসিও কাঠামোর আওতায় সভ্যতাগুলোর মধ্যে সংলাপ প্রসার এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

২০০১ সালে সাংহাইয়ে এক শীর্ষ সম্মেলনে রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের নেতাদের উদ্যোগে এসসিও প্রতিষ্ঠিত হয়। ভারত ও পাকিস্তান ২০১৭ সালে সংস্থাটির পূর্ণ সদস্য হয়। ২০২৩ সালে ইরানও সদস্যপদ লাভ করে।

২০২৪ সালের অক্টোবরে ইসলামাবাদে এসসিও কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্টের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়া পরবর্তী এসসিও কাউন্সিল অব হেডস অব স্টেটের প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে গত মাসে ভারতের এসসিও জাতীয় সমন্বয়ক অলোক ডিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়।

সর্বশেষ সংবাদ

ট্রাম্প দেখা না দিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ায় কারখানা পরিদর্শনে গেলেন কিম

এশিয়া সফরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠক না হওয়ায় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে বিভিন্ন কারখানা...

এই বিভাগের অন্যান্য সংবাদ