আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়ে গভীর হতাশা ও অসন্তোষ প্রকাশ করেছে মিয়ানমার সরকার। গাম্বিয়ার দায়ের করা গণহত্যা সনদ লঙ্ঘনের মামলায় গত ১৯ নভেম্বর দেয়া আদালতের রায়ের প্রতিক্রিয়ায় মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, এই রায় রাখাইনের প্রকৃত পরিস্থিতির প্রতিফলন ঘটায়নি।
গত ২০ নভেম্বর মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত ওই প্রেস বিবৃতিতে বলা হয়, ২০১৯ সালের নভেম্বরে মামলাটি দায়েরের পর থেকে গত সাত বছর ধরে মিয়ানমার সদিচ্ছার সাথে আদালতের কার্যক্রমে অংশ নিয়েছে এবং আদালতের নির্দেশ অনুযায়ী ১৩টি অন্তর্বর্তীকালীন ব্যবস্থা সংক্রান্ত প্রতিবেদন জমা দিয়েছে।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আদালতের ৯-৬ বিচারকের সংখ্যাগরিষ্ঠতায় গৃহীত এই রায়টি সর্বসম্মত ছিল না। আদালতের ভাইস-প্রেসিডেন্ট ও জ্যেষ্ঠ বিচারকসহ ছয়জন বিচারক এই রায়ের সঙ্গে দ্বিমত পোষণ করে যৌথ ভিন্নমত দিয়েছেন। তাদের মতে, গণহত্যার মতো গুরুতর অভিযোগ প্রমাণের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনে যে উচ্চমানের ও সন্দেহাতীত প্রমাণের প্রয়োজন হয়, আদালত এই রায়ে তার দীর্ঘদিনের প্রতিষ্ঠিত নীতি থেকে সরে এসেছে।
মিয়ানমারের দাবি, জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশন (এফএফএম) এবং বিভিন্ন এনজিওর যেসব প্রতিবেদনের ওপর ভিত্তি করে রায় দেয়া হয়েছে, সেগুলো কেবল পরোক্ষ বিবরণ এবং বিচারিক কার্যক্রমে প্রমাণ হিসেবে গ্রহণের উপযোগী নয়।
বিবৃতিতে আরও বলা হয়, ২০১৬-২০১৮ সালে উত্তর রাখাইন রাজ্যে পরিচালিত অভিযান কোনো গণহত্যার উদ্দেশ্যে ছিল না; বরং আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সন্ত্রাসী হামলার জবাবে পরিচালিত সীমিত পরিসরের সন্ত্রাসবিরোধী অভিযান ছিল। মিয়ানমারের অভিযোগ, আরসার হামলা ও ধ্বংসযজ্ঞের কারণেই স্থানীয় অধিবাসী ও বাঙালিরা বাস্তুচ্যুত হয়েছিলেন এবং আরসা এখনো বাংলাদেশের শরণার্থী শিবিরগুলোতে সক্রিয় রয়েছে।
রাখাইন পরিস্থিতিকে নিজেদের ‘অভ্যন্তরীণ বিষয়’ হিসেবে অভিহিত করে মিয়ানমার জানিয়েছে, তারা নিজস্ব আইন, দ্বিপাক্ষিক চুক্তি ও আন্তর্জাতিক সহযোগিতার আওতায় বাস্তুচ্যুতদের মানবিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম অব্যাহত রাখবে। পাশাপাশি পরিস্থিতি অনুকূলে এলে বাংলাদেশে অবস্থানরতদের যাচাই-বাছাই ও প্রত্যাবাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার কথাও উল্লেখ করা হয়।
সবশেষে মিয়ানমারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে এবং সরকার এই রায়টি নিবিড়ভাবে পর্যালোচনা করবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

