spot_img

টানা কয়েক দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

অবশ্যই পরুন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে মূল্যবান এই ধাতুর দাম ১ শতাংশের বেশি কমেছে। প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৪ হাজার ৪৪ ডলার ৯ সেন্টে। তেলের দাম বৃদ্ধি এবং মূল্যস্ফীতির আশঙ্কায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় উচ্চপর্যায়ে রাখতে পারে—এমন ধারণা থেকে স্বর্ণের বাজারে এই নেতিবাচক প্রভাব পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বাংলাদেশ সময় সকাল ১১টা ১ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪৪ ডলার ৯ সেন্টে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর সরবরাহের স্বর্ণের ফিউচার দর ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৩ ডলার ৩০ সেন্টে নেমে আসে।

তবে দিনের দরপতন সত্ত্বেও চলতি সপ্তাহে স্বর্ণের বাজার আগস্টের শেষ দিকের পর সবচেয়ে ভালো সাপ্তাহিক অবস্থানে থাকার পথে রয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, জ্বালানি তেলের দাম বাড়লে মূল্যস্ফীতির চাপও বাড়তে পারে। এমন পরিস্থিতিতে ফেডারেল রিজার্ভ সুদের হার দীর্ঘ সময় বেশি রাখলে স্বর্ণের মতো সুদবিহীন সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। কারণ, সুদের হার বেশি থাকলে বিনিয়োগকারীরা তুলনামূলক বেশি মুনাফার সুযোগ থাকা সম্পদের দিকে ঝুঁকতে পারেন।

এদিকে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ এবং ইরান সংঘাতের ভবিষ্যৎ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। তবে পুরো সপ্তাহের হিসাবে তেলের দামে বড় পতনের আশঙ্কা রয়েছে।

সিএমইর ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, আগামী ডিসেম্বরে ফেড সুদের হার বাড়াতে পারে বলে বাজারে ৬৮ শতাংশ সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে। যদিও গত মাসে সুদের হার বাড়ার সম্ভাবনাকে প্রায় নিশ্চিত বলে মনে করা হয়েছিল, বর্তমানে সেই ধারণা অনেকটাই কমেছে।

স্বর্ণের বাজারে দরপতনের প্রভাব পড়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাসেও। প্রতিষ্ঠানটি ২০২৬ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের সম্ভাব্য দাম ৪ হাজার ৬৫০ ডলার থেকে কমিয়ে ৪ হাজার ১৫০ ডলার নির্ধারণ করেছে। ফেডের কঠোর সুদনীতি অব্যাহত থাকার আশঙ্কায় এই পূর্বাভাস সংশোধন করা হয়েছে।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার স্পট মার্কেটে রুপার দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৫১ ডলার ৫১ সেন্ট হয়েছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৫১২ ডলার ৮৩ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ১ হাজার ২০ ডলার ১০ সেন্টে দাঁড়িয়েছে।

দেশের বাজারেও আজ কমেছে স্বর্ণের দাম

টানা ৩ দফা বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৬ হাজার ৭১৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৬ হাজার ৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫২ হাজার ৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যকলাপে ধর্মীয় কোনো প্রতিফলন নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াতে ইসলামীর উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা ধর্মের নাম বিক্রি করে রাজনীতি করছে, তাদের কার্যকলাপে ধর্মীয় কোনো প্রতিফলন...

এই বিভাগের অন্যান্য সংবাদ