ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো নির্ধারণ করবে মজুরি বোর্ড। তবে শ্রমিকরা নতুন মজুরি পাবেন আগামী জানুয়ারি থেকে।
বুধবার (৪ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় নিম্নতম মজুরি বোর্ডের প্রথম সভায় এ বিষয়ে ঐকমত্যে পৌঁছান শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা।
সভা শেষে মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী বলেন, নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন হলে জানুয়ারি মাসের বেতনের সঙ্গে বাড়তি টাকা পাবেন শ্রমিকরা।
শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার বলেন, আগামী সপ্তাহে বোর্ডের পরবর্তী বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা নিজেদের দাবি-দাওয়া লিখিত আকারে উপস্থাপন করবেন। ডিসেম্বরের মধ্যেই মজুরি কাঠামো নির্ধারণ ও কার্যকর করা হবে এবং জানুয়ারি থেকে শ্রমিকরা নতুন মজুরি পাবেন– এ বিষয়ে উভয় পক্ষ একমত হয়েছে।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর তৈরি পোশাক শিল্পে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণে ৬ সদস্যের ‘নিম্নতম মজুরি বোর্ড’ গঠন করে সরকার।
প্রথমে মজুরি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছিল সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ আশফাকুর রহমান। আজ এক প্রজ্ঞাপনে তাকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ) পদে বদলি করা হয়। একই আদেশে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান করা হয় জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানীকে।
উল্লেখ্য, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশিল্পের শ্রমিকেরা গত সপ্তাহে বিক্ষোভ শুরু করেন। চলতি সপ্তাহের প্রথম দিন থেকে সেই বিক্ষোভ ছড়িয়ে পড়ে গাজীপুর, নারায়ণগঞ্জ, সাভার-আশুলিয়া ও মিরপুরে। আজও এসব এলাকায় পোশাক শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলেছে।

