spot_img

বাণিজ্য ঘাটতি কমাতে থাইল্যান্ডকে দুই প্রস্তাব দিল বাংলাদেশ

অবশ্যই পরুন

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশি ওষুধ, পাট ও পাটজাত পণ্যের আমদানি বাড়ানোর পাশাপাশি থাই বাজারে এসব পণ্যের শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে ঢাকা।

শুক্রবার (৩০ অক্টোবর) থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই দেশের চতুর্থ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। অন্যদিকে থাই প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী সচিব এক্সিরি পিন্তারুচি।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, জ্বালানি, কৃষি, জনশক্তি, প্রতিরক্ষা, শিক্ষা ও জলবায়ু পরিবর্তনসহ দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় পর্যালোচনা করা হয়। বাংলাদেশের প্রস্তাবগুলো বিবেচনার আশ্বাস দিয়ে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা দ্রুত শুরুর আগ্রহ প্রকাশ করে থাইল্যান্ড।

বৈঠকে চট্টগ্রাম-রানং বন্দরের মধ্যে সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়াকে স্বাগত জানায় উভয় পক্ষ। গত সেপ্টেম্বরে চালু হওয়া এ রুটে পণ্য পরিবহনের সময় ১৫ দিন থেকে কমে চার দিনে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, হালাল খাদ্য উৎপাদনে প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি এবং দক্ষ জনশক্তি প্রশিক্ষণে থাইল্যান্ডের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। একই সঙ্গে রোহিঙ্গাদের মিয়ানমারের রাখাইন রাজ্যে প্রত্যাবাসনে ব্যাংককের সমর্থন চাওয়া হয়।

সীমান্তপারের মানবপাচার, অস্ত্র পাচার, অনলাইন প্রতারণা ও মাদক চোরাচালান প্রতিরোধে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যৌথ কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।

আগামী বছর বাংলাদেশ ও থাইল্যান্ডের কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি হবে। এ উপলক্ষে দুই দেশের সরকারপ্রধান পর্যায়ে সফর বিনিময়ের আশা প্রকাশ করেছে উভয় পক্ষ। পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া বিনিময় বাড়ানোর বিষয়েও একমত হয়েছে দুই দেশ।

সর্বশেষ সংবাদ

নারীদের স্বাস্থ্যসেবায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে সরকার। এসব...

এই বিভাগের অন্যান্য সংবাদ