জ্বালানি সহযোগিতা জোরদার ও দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার লক্ষ্য নিয়ে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের (জিইসিএফ) অষ্টম শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে রওনা হয়েছেন। সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পাশাপাশি কয়েকটি দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও আলোচনা করার কথা রয়েছে তাঁর।
ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ের জনসংযোগ বিভাগের মহাপরিচালক হাবিবুল্লাহ আব্বাসি বার্তা সংস্থা ইরনাকে জানিয়েছেন, জিইসিএফের অষ্টম শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি সেখানে বক্তব্য দেবেন পেজেশকিয়ান। সম্মেলনে গ্যাস রপ্তানিকারক দেশগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও পাবেন তিনি।
মস্কো সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন পেজেশকিয়ান। আলোচনায় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ‘ইরান-রাশিয়া সমন্বিত কৌশলগত চুক্তি’ বাস্তবায়নের অগ্রগতি গুরুত্ব পাবে।
এ ছাড়া ইরান ও রাশিয়ার সর্বশেষ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা ও মতবিনিময়ের কথা রয়েছে।
জিইসিএফ সম্মেলনের ফাঁকে অংশগ্রহণকারী কয়েকটি দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক ও আলোচনায় অংশ নেবেন ইরানের প্রেসিডেন্ট। এসব আলোচনার মাধ্যমে জ্বালানি খাতে সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময়ের সুযোগ তৈরি হতে পারে।
জ্বালানি সহযোগিতা ও কৌশলগত সম্পর্ক—দুই ক্ষেত্রেই এই সফর তেহরান-মস্কো যোগাযোগের গুরুত্বপূর্ণ একটি পর্ব হিসেবে বিবেচিত হচ্ছে। পার্সটুডে

