যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থন এক শতাংশ পয়েন্ট বেড়ে ৩২ শতাংশে দাঁড়িয়েছে। গত সপ্তাহে তাঁর জনসমর্থন রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল। আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে রয়টার্স-ইপসোসের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
সোমবার (২৬ অক্টোবর) শেষ হওয়া জরিপে দেখা যায়, কংগ্রেস নির্বাচনে ডেমোক্র্যাটদের সমর্থন ৪৭ শতাংশ এবং রিপাবলিকানদের ৩৬ শতাংশ। অর্থাৎ, ডেমোক্র্যাটরা ১১ শতাংশ পয়েন্টে এগিয়ে রয়েছেন। সিদ্ধান্তহীন ভোটারদের মতামত বিবেচনায় নিলে ডেমোক্র্যাটদের সমর্থন ৫০ শতাংশ এবং রিপাবলিকানদের ৪১ শতাংশ।
মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদ ও সিনেটে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে লড়ছে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। এই দুই কক্ষের যেকোনো একটির নিয়ন্ত্রণ হারালে ট্রাম্পের বাকি মেয়াদে তার পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হতে পারে।
জরিপে দেখা গেছে, ৭৩ শতাংশ ভোটার মনে করেন, যুক্তরাষ্ট্রে জীবনযাত্রার ব্যয় ভুল পথে এগোচ্ছে। মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বৃদ্ধি নির্বাচনে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে ডেমোক্র্যাটদের পদ্ধতিকে ভালো বলেছেন ৩৭ শতাংশ ভোটার। অন্যদিকে, রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছেন ৩৩ শতাংশ।
নির্বাচন নিয়ে ডেমোক্র্যাট ভোটারদের উৎসাহও বেশি। দলটির ৪৬ শতাংশ ভোটার জানিয়েছেন, তাঁরা মধ্যবর্তী নির্বাচন নিয়ে অত্যন্ত উৎসাহী। রিপাবলিকানদের মধ্যে এ হার ৩০ শতাংশ।
রয়টার্স-ইপসোসের অনলাইন জরিপে যুক্তরাষ্ট্রের ১ হাজার ৬৭৯ জন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাদের মধ্যে নিবন্ধিত ভোটার ছিলেন ১ হাজার ২৮০ জন। জরিপে সব প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে ত্রুটির সীমা ২ শতাংশ পয়েন্ট এবং নিবন্ধিত ভোটারদের ক্ষেত্রে ৩ শতাংশ পয়েন্ট।

