spot_img

আমির, অমিতাভ ও অক্ষয়ের ওপর হামলার পরিকল্পনা ছিল লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের

অবশ্যই পরুন

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। তদন্তকারীদের দাবি, মুম্বাইয়ে থাকার সময় অভিযুক্তরা একাধিক বলিউড তারকার বাড়ির আশপাশে নজরদারি চালিয়েছিল। সেই তালিকায় ছিলেন আমির খান, অমিতাভ বচ্চন এবং অক্ষয় কুমারও।

পুলিশি জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শুটাররা জানিয়েছে বলে সূত্রের দাবি, গ্যাংয়ের প্রাথমিক ও মূল লক্ষ্য ছিলেন অভিনেতা সালমান খান। তার বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের আশপাশেও রেইকি করা হয়েছিল। কিন্তু সেখানে কড়া নিরাপত্তা ব্যবস্থা দেখে হামলার পরিকল্পনা থেকে সরে আসে অভিযুক্তরা। এরপর অন্য বলিউড তারকাদের বাড়ির আশপাশে নজরদারি শুরু করে তারা।

এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মুম্বাই পুলিশের তদন্তে উঠে এসেছে, টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনার আগে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা আমির খানের বান্দ্রার বাড়ির আশপাশে প্রায় এক মাস ধরে নজরদারি চালিয়েছিল। তিন দফায় ওই এলাকায় রেইকি করা হয়েছিল বলে তদন্তকারী সূত্রের দাবি।

সূত্রের বক্তব্য, আমির খান প্রায়ই ছবির শুটিংয়ের কাজে বাড়ির বাইরে থাকতেন। আবার কখনও দীর্ঘ সময় বাড়ির ভিতরেই থাকতেন। ফলে তার কাছে পৌঁছনো হামলাকারীদের পক্ষে কঠিন হয়ে পড়েছিল। তার এই অনিয়মিত উপস্থিতি এবং বাড়ির বাইরে কম বেরোনোর অভ্যাসই তাকে সম্ভাব্য হামলার হাত থেকে রক্ষা করে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

গত ১৮ অক্টোবর সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুই ব্যক্তি। সেই সময় গাড়ির জানলা দিয়ে অনুরাগীদের দিকে হাত নাড়ছিলেন অভিনেতা। আচমকাই মোটরবাইকে আসা দুই ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

এই ঘটনায় টাইগার শ্রফ তুলনামূলকভাবে অক্ষত থাকলেও তার গাড়ির চালক এবং এক পথচারী আহত হন। মুম্বাই পুলিশের দাবি, গাড়িটি লক্ষ্য করে পাঁচ থেকে ছয় রাউন্ড গুলি চালানো হয়েছিল।

তদন্তকারী সূত্রের দাবি, সালমান খানের বাড়িতে হামলার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন বুঝতে পেরে অভিযুক্তরা অপেক্ষাকৃত সহজ লক্ষ্য খুঁজছিল। সেই সময় টাইগার শ্রফের চলাফেরার বিষয়ে সামাজিক মাধ্যমের রিলস ও ইনস্টাগ্রাম পোস্ট থেকে তথ্য সংগ্রহ করে তারা।

পুলিশি সূত্রের দাবি, টাইগার শ্রফ প্রতি রবিবার জুহুর পুষ্পা নারসি গ্রাউন্ডে ফুটবল খেলতে যান; সামাজিক মাধ্যমের পোস্ট থেকে এই তথ্য জানতে পারে অভিযুক্তরা। তার নিরাপত্তা ব্যবস্থা তুলনামূলকভাবে কম বলে মনে করে তাকে নিশানা করার পরিকল্পনা করা হয়। ঘটনার দিন ফুটবল খেলতে যাওয়ার পথেই তার গাড়িতে হামলা চালানো হয় বলে সূত্রের দাবি।

এই ঘটনায় এখনও পর্যন্ত রাজস্থান, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং হরিয়ানা থেকে মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলার দায় স্বীকার করে সামাজিক মাধ্যমে পোস্ট করা গ্যাংস্টার অনিল পণ্ডিতকে এই মামলায় পলাতক অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।

অনিল পণ্ডিত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কথিত সহযোগী বলে জানা গেছে। ওই গ্যাংয়ের সদস্যরা বিদেশ থেকে কার্যকলাপ চালাচ্ছে বলে তদন্তকারী সূত্রের দাবি। তবে হামলার সঙ্গে জড়িত প্রত্যেকের ভূমিকা এবং ষড়যন্ত্রের সম্পূর্ণ চিত্র খতিয়ে দেখছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। জাপানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ