spot_img

ইরানে আবারও হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার (২৩ অক্টোবর), ফ্লোরিডায় এক নির্বাচনী সমাবেশে ইরান যুদ্ধ নিয়ে কথা বলার সময় তিনি বলেন, ওয়াশিংটন চাইলে আবারও ‘অপারেশন এপিক ফিউরি’র মতো অভিযান চালাতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

যুদ্ধ শুরুর প্রায় আট মাসের মাথায় এসে ট্রাম্পের এমন মন্তব্য সামনে এলো। একই সময়ে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় আগামী মধ্যবর্তী নির্বাচন ঘিরে রাজনৈতিক চাপের মুখে পড়েছে তার প্রশাসন।

ফ্লোরিডার সমাবেশে ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো আবারও ছোটখাটো একটি ‘এপিক ফিউরি’ অভিযান চালাতে পারি।’

তবে সম্ভাব্য নতুন অভিযানের সময়, লক্ষ্যবস্তু কিংবা পরিধি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি তিনি।

এর আগে, বৃহস্পতিবার (২২ অক্টোবর), নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা ও সমুদ্রপথে মাইন পেতে রাখার খবর বানিয়ে ছড়ানোর অভিযোগ তোলেন ট্রাম্প।

তার দাবি, তেলের দাম বাড়ানোর উদ্দেশ্যেই তেহরান এসব তথ্য প্রচার করছে।

ইরানে নতুন করে হামলার সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিকল্পনা তৈরি করেছে বলে বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

মার্কিন কর্মকর্তাদের এবং এ বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আগামী মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে আবারও হামলা শুরু করার পরিকল্পনা তৈরি করেছে দুই দেশের সামরিক বাহিনী।

প্রতিবেদন অনুযায়ী, সম্ভাব্য হামলা স্বল্পমেয়াদি হলেও তা তীব্র হতে পারে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে ইরানের জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা ও অস্ত্রভান্ডারকে বিবেচনায় রাখা হয়েছে।

মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, চলতি মাসের শুরুর দিকে, ইরানে, নতুন করে হামলার নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল ওয়াশিংটন-জেরুজালেম। তবে শেষ মুহূর্তে ট্রাম্প ওই সিদ্ধান্ত থেকে সরে আসেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, গত ১৬ অক্টোবর, নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিশ্চিত করেন, সামরিক অভিযান আবার শুরু হলে ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি বিবেচনা করছে তার প্রশাসন।

তবে ইরানে নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানাননি মার্কিন প্রেসিডেন্ট। তার সাম্প্রতিক বক্তব্যে সম্ভাব্য হামলার ইঙ্গিত মিললেও কবে বা কীভাবে এমন অভিযান পরিচালিত হতে পারে, তা স্পষ্ট নয়।

সর্বশেষ সংবাদ

৮টি যুদ্ধ থামিয়েছি, তবু পেলাম না নোবেল: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী সমাবেশে আবারও ভারত-পাকিস্তান সংঘাত থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ