ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেটের বিশেষ সংস্করণের গতি কমানোর নির্দেশ দিয়েছেন স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। এতে ইউক্রেনের রাজধানী কিয়েভে উদ্বেগ ছড়িয়ে পড়ে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের ভেতরেও বিভ্রান্তি তৈরি হয়। বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে, ইউক্রেনের সামরিক সরঞ্জামগুলো স্টারলিংক নেটওয়ার্কে যে গতিতে সংযুক্ত থাকতো, তা সীমিত করে দেন মাস্ক। এর ফলে ইউক্রেনের কিছু আক্রমণাত্মক ড্রোন ও শত্রুপক্ষের ড্রোন প্রতিহত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ড্রোন প্রায় অকার্যকর হয়ে পড়ে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে, রাশিয়ার ডিজেল শোধনাগারে ইউক্রেনের হামলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাস্ক ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জ্বালানির উচ্চমূল্যের জন্য এসব হামলাকে দায়ী করেছেন ট্রাম্প।
এমন পরিস্থিতিতে স্টারলিংকের সংযোগের গতি সীমিত করার সিদ্ধান্ত ইউক্রেনের সামরিক কার্যক্রমে প্রভাব ফেলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ইউক্রেন ইস্যুতে মাস্কের সঙ্গে ট্রাম্পের আলোচনা চলছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে স্টারলিংক ব্যবহারে বিধিনিষেধ আরোপের নির্দেশ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

