আল্লাহর সন্তুষ্টি অর্জন ও পরকালে মুক্তি লাভই একজন মুমিনের জীবনে প্রকৃত সাফল্য। আল্লাহ তাআলার জিকির বা স্মরণ সেই সাফল্য অর্জনের অন্যতম মাধ্যম। কেননা আল্লাহর জিকিরে মুমিনের হূদয় প্রশান্ত হয় এবং মুমিন আল্লাহ নৈকট্য লাভ করে। অন্যদিকে আল্লাহর স্মরণ থেকে বিমুখতা মানুষকে আত্মিকভাবে দুর্বল করে, জীবনের প্রকৃত উদ্দেশ্য ভুলিয়ে দেয় এবং পরকালীন ক্ষতির দিকে ঠেলে দেয়। এজন্য কোরআন ও হাদিসে এই বিষয়ে সতর্ক করা হয়েছে।
স্মরণ থেকে বিমুখ হওয়ার ক্ষতি
কোরআন ও সুন্নাহর আলোকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়ার কিছু ক্ষতিকর দিক তুলে ধরা হলো—
১. জীবনে সংকীর্ণতা আসে : আল্লাহর স্মরণ বা জিকির থেকে বিমুখ থাকার ক্ষতি সম্পর্কে সতর্ক করে আল্লাহ বলেন, ‘যে আমার স্মরণে বিমুখ থাকবে, অবশ্য তার জীবনযাপন হবে সংকুচিত এব ং আমি তাকে কিয়ামতের দিন উত্থিত করব অন্ধ অবস্থায়।’ (সুরা তাহা, আয়াত : ১২৪)
আয়াতে আল্লাহর স্মরণ থেকে বিমুখতার পরিণতি বর্ণনা করা হয়েছে। মানুষের বাহ্যিক জীবনে প্রাচুর্য থাকা সত্ত্বেও আল্লাহর স্মরণ থেকে দূরে থাকলে তার জীবনে আত্মিক সংকীর্ণতা ও অস্থিরতা দেখা দিতে পারে। আল্লাহর প্রতি নির্ভরতা হারিয়ে গেলে দুশ্চিন্তা, অতৃপ্তি ও অনিশ্চয়তা মানুষকে গ্রাস করতে পারে।
২. শয়তান খুশি হয় : শয়তান মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিমুখ রাখতে চায়। তাই কেউ আল্লাহর স্মরণ থেকে বিমুখ হলে শয়তান খুশি হয়। কেননা মানুষ যখন আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, তখন সে আল্লাহর আদেশ-নিষেধও ভুলে যায়, সে পাপকে তুচ্ছ মনে করে। ধীরে ধীরে অন্যায় তার কাছে স্বাভাবিক হয়ে ওঠে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘শয়তান তাদের ওপর প্রভাব বিস্তার করেছে। ফলে তাদের ভুলিয়ে দিয়েছে আল্লাহর স্মরণ। তারাই শয়তানের দল। জেনে রেখো, শয়তানের দলই ক্ষতিগ্রস্ত।’ (সুরা মুজাদালা, আয়াত: ১৯)
৩. অন্তর কঠিন হয়ে যায় : আল্লাহর জিকির মানুষের অন্তরকে সজীব রাখে। তাই কেউ আল্লাহর স্মরণ থেকে বিমুখ হলে আল্লাহ অন্তরের কাঠিন্য তৈরি হয়। ফলে ধীরে ধীরে অন্তর থেকে ঈমান ও ইসলামের মৃত্যু ঘটে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি তার প্রতিপালককে স্মরণ করে এবং যে ব্যক্তি তার প্রতিপালককে স্মরণ করে না, তাদের দৃষ্টান্ত জীবিত ও মৃতের মতো।’ (সহিহ বুখারি, হাদিস : ৬৪০৭)
তাদের অন্তরের মৃত্যু ঘটার কারণ হলো এসব ব্যক্তি আত্মবিস্মৃত হয়ে যায়। এমন মানুষ নিজের প্রকৃত কল্যাণ, দায়িত্ব ও পরকালীন পরিণতি সম্পর্কে উদাসীন হয়ে পড়ে। অন্যদিকে, আল্লাহর স্মরণ অন্তরকে জীবিত রাখে এবং মানুষকে আত্মসমালোচনা ও সংশোধনের পথে পরিচালিত করে। আল্লাহ বলেন, ‘আর তোমরা তাদের মতো হয়ো না, যারা আল্লাহকে ভুলে গেছে; ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করেছেন। তারাই পাপাচারী।’ (সুরা হাশর, আয়াত : ১৯)
৪. ইহকালে ও পরকালে ক্ষতিগ্রস্ত : যারা আল্লাহর স্মরণ থেকে দূরে থাকে তারা দুনিয়া ও আরেখাতে ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনরা! তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্তুতি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে। আর যারা এমন করবে, তারাই ক্ষতিগ্রস্ত।’ (সুরা মুনাফিকুন, আয়াত : ৯)
আয়াত থেকে বোঝা যায়, ইসলাম সম্পদ উপার্জন, পরিবার প্রতিপালন কিংবা পার্থিব দায়িত্ব পালনে বাধা দেয় না। কিন্তু যখন সম্পদ, ব্যবসা, সামাজিক ব্যস্ততা কিংবা পারিবারিক বিষয় মানুষকে নামাজ, কোরআন তিলাওয়াত ও অন্যান্য ফরজ দায়িত্ব থেকে বিরত রাখে, তখন তা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।
৫. ইবাদতে শৈথিল্য আসে : আল্লাহর জিকির যেমন বান্দার ঈমান ও আমলকে দৃঢ় করে, তেমন আল্লাহর জিকির থেকে বিমুখতা ঈমান ও আমলে শৈথিল্য নিয়ে আসে। আল্লাহর স্মরণ থেকে দূরে থাকলে মানুষ ইবাদতের স্বাদ হারাতে থাকে এবং দোয়া, তাওবা ও কৃতজ্ঞতার মতো গুরুত্বপূর্ণ আমলে অবহেলা করতে থাকে। ইরশাদ হয়েছে, ‘তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। আর আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং অকৃতজ্ঞ হয়ো না।’ (সুরা বাকারা, আয়াত : ১৫২)
মহানবী (সা.) বলেছেন, ‘মুফাররিদুন অগ্রগামী হয়ে গেছে। সাহাবিরা জিজ্ঞাসা করলেন, ‘হে আল্লাহর রাসুল! মুফাররিদুন কারা? তিনি বললেন, যেসব পুরুষ ও নারী অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে।’ (সহিহ মুসলিম, হাদিস: ২৬৭৬)
মুমিনের করণীয়
আল্লাহর স্মরণবিমুখ হওয়ার হাত থেকে বাঁচতে মুমিনের করণীয় হলো—
১. জিকিরে লিপ্ত থাকার চেষ্টা করা : পার্থিব জীবনে ব্যস্ততা মানুষকে আল্লাহর কথা ভুলিয়ে দিতে পারে। কিন্তু মুমিন চেষ্টা করবে আল্লাহ জিকিরে লিপ্ত থাকার। আল্লাহ বলেন, ‘যদি ভুলে যাও তবে তোমার প্রতিপালককে স্মরণ কোরো এবং বোলো, সম্ভবত আমার প্রতিপালক আমাকে এটার চেয়ে সত্যের নিকটতর পথনির্দেশ করবেন।’ (সুরা কাহফ, আয়াত : ২৪)
২. বেশি বেশি তিলাওয়াত করা : কোনো সন্দেহ নেই আল্লাহর জিকিরগুলোর মধ্যে কোরআন তিলাওয়াত সর্বোত্তম জিকির। তিলাওয়াত মুমিনের অন্তরকে আলোকিত করে এবং আল্লাহর আদেশ-নিষেধের কথা স্মরণ করিয়ে দেয়। তাই মুমিনের আল্লাহর স্মরণবিমুখ হওয়া থেকে বাঁচতে মুমিন অধিক পরিমাণ তিলাওয়া করবে। ইরশাদ হয়েছে। আল্লাহ বলেন, ‘কোনো ব্যক্তিকে তাঁর প্রতিপালকের নিদর্শনাবলী স্মরণ করিয়ে দেওয়ার পর সে যদি তা তেকে মুখ ফিরিয়ে নেয় এবং তার কৃতকর্মগুলো ভুলে যায়, তবে তার চেয়ে অধিক জালিম আর কে?’ (সুরা কাহফ, আয়াত : ৫৭)
৩. গাফিলদের সঙ্গ ত্যাগ করা : মুমিনের আরেকটি দায়িত্ব হলো যারা আল্লাহর জিকির ও স্মরণ থেকে বিমুখ, যারা ঈমান ও ইসলামের ব্যাপারে উদাসীন তাদের সঙ্গ ত্যাগ করা। আল্লাহ বলেন, ‘তুমি তার আনুগত্য কোরো না, যার অন্তরকে আমি আমার স্মরণে অমনোযোগী করে দিয়েছি, যে তার খেয়াল-খুশির অনুসরণ করে ও যার কার্যকলাম সীমা অতিক্রম করে।’ (সুরা কাহফ, আয়াত : ২৮)
আল্লাহ তাআলা সবাইকে স্মরণ দ্বারা হূদয়কে সজীব করার তাওফিক দিন। আমিন।

