পরাজিত শক্তির মদদে দেশে নানা ধরনের নাশকতা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, তারা দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চায়। এ কারণে এসব নাশকতা থেকে নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) প্রেসক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, কারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নষ্ট করতে চায়, তা সবাই জানে। তারা আগেও সক্রিয় ছিল, এখনও সক্রিয় রয়েছে।
এ সময় সহিষ্ণুতার সঙ্গে কাজ করে কর্মীদের শান্তিময় অবস্থা বজায় রাখার পরামর্শ দেন বিএনপি নেতা। বলেন, রাতারাতি বড়লোক হওয়ার জন্য আমরা রাজনীতি করিনি। এখন যদি সারের ডিলারশিপ আর ঠিকাদারি পাওয়ার জন্য আমাদের দীর্ঘদিনের সংগ্রামকে বিক্রি করে দিই, তাহলে বড় কোনো অর্জন করতে পারবো না।
তিনি আরও বলেন, সংকটের মধ্যেও সরকার মানুষকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। সরকারের নিষ্ঠার সঙ্গে দেশ পরিচালনা অব্যাহত থাকলে সব সংকটের সমাধান হবে বলে আশ্বাস দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

