আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দেওয়ায় এর প্রতিক্রিয়া জানিয়েছেন শান্তিতে নোবেলজয়ী মানবাধিকারকর্মী নাভি পিল্লাই।
শনিবার (১০ অক্টোবর) আইসিসির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে ‘অভূতপূর্ব ও অগ্রহণযোগ্য’ আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সাবেক বিচারক।
অসলোর নোবেল পিস সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে নুরেমবার্গ থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে যুক্ত হয়ে পিল্লাই বলেন, ‘আন্তর্জাতিক আদালতগুলোর বিশেষ করে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের অস্তিত্ব নিয়ে বর্তমানে ব্যাপক উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে। সেখানে শত শত কর্মী রয়েছেন যারা মনে করছেন যে তারা হুমকির মুখে আছেন।’
দক্ষিণ আফ্রিকার ৮৫ বছর বয়সি এই আইনজীবী বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিচারকরা যেসব আদেশ দিয়েছেন, কেবল তার জের ধরেই একটি দেশ তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এটি অভূতপূর্ব ও অগ্রহণযোগ্য।’
নরওয়েজিয়ান নোবেল কমিটি শুক্রবার ঘোষণা করে, আইসিসির সাবেক বিচারক পিল্লাই এ বছর মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ দিন ধরে পুরস্কারটি পাওয়ার ইচ্ছা প্রকাশ করে আসছেন। কিন্তু এবারও তা না পাওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছেন ট্রাম্প ও তার মিত্র ইসরাইল।
পিল্লাইয়ের নাম বিজয়ী হিসেবে ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র আইসিসির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করে।
আইসিসিতে দায়িত্ব পালনের পাশাপাশি পিল্লাই ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ছিলেন। এ ছাড়া তিনি জাতিসংঘের ‘স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশনের (সিওআই)’ নেতৃত্ব দিয়েছিলেন, যা গত বছর গাজায় গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়টি চিহ্নিত করেছিল। সূত্র: জিওটিভি

