spot_img

বাংলাদেশ ও মালয়েশিয়ার সাবাহ রাজ্যের মধ্যে সহযোগিতা জোরদারে কূটনৈতিক বৈঠক

অবশ্যই পরুন

বাংলাদেশ ও মালয়েশিয়ার সাবাহ রাজ্যের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনারের নেতৃত্বে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার (১১ অক্টোবর) বাংলাদেশের একটি প্রতিনিধিদল সাবাহর রাজ্য সচিব ও মুখ্যমন্ত্রীর সহকারী মন্ত্রী, কৃষি-মৎস্য ও খাদ্য শিল্প মন্ত্রণালয়ের উপস্থায়ী সচিব এবং সাবাহ ফার্মাসিউটিক্যাল সোসাইটির প্রধানের সঙ্গে পৃথক পৃথক বৈঠকে মিলিত হন।

বৈঠকে বাংলাদেশ ও সাবাহর মধ্যে কৃষি ও খাদ্য নিরাপত্তা খাতে সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে উচ্চফলনশীল জাতের ধান উৎপাদন, কৃষি প্রযুক্তি ও অভিজ্ঞতা বিনিময়, মৎস্য ও অ্যাকুয়াকালচার, ডিপ-সি ফিশিং এবং ব্লু ইকোনমি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। বিশেষত ধান চাষে অর্জিত অভিজ্ঞতা ও প্রযুক্তি সাবাহতে কাজে লাগানোর পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে যৌথ উদ্যোগ, দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

এছাড়াও, সাবাহতে বাংলাদেশি ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ ও পর্যটকদের সাবাহ ভ্রমণ সহজীকরণের বিষয়েও আলোচনা করা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পাশাপাশি বাংলাদেশ ও সাবাহর ব্যবসায়ী সম্প্রদায় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ী চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ স্থাপন, বিনিময়, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের বিভিন্ন সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। ফার্মাসিউটিকেল খাতেও বাংলাদেশ ও সাবাহর মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ওষুধ উৎপাদন, প্রযুক্তি ও দক্ষতা বিনিময় এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়। উভয় পক্ষের মধ্যে জনগণের যোগাযোগ বৃদ্ধি এবং শিক্ষা, অ্যাকাডেমিক বিনিময়, দক্ষতা উন্নয়ন ও পর্যটনসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার নতুন সুযোগ অন্বেষণের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

এছাড়া, বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধিদল সাবাহ এসএমই অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ ও সাবাহর ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের মধ্যে সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বাংলাদেশের এসএমই অ্যাসোসিয়েশন এবং সাবাহ এসএমই অ্যাসোসিয়েশনের মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্থাপন, অভিজ্ঞতা ও সর্বোত্তম চর্চা বিনিময়, উদ্যোক্তা উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, ব্যবসায়িক প্রতিনিধিদল বিনিময় এবং যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়। উভয় পক্ষ এ ধরনের সহযোগিতা দুই অঞ্চলের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার এবং নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, এসব বৈঠক সম্প্রতি সাবাহ রাজ্যের গভর্নর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে মান্যবর হাইকমিশনারের গত আগস্ট মাসে অনুষ্ঠিত বৈঠকের ধারাবাহিকতায় আয়োজিত হয়।

সর্বশেষ সংবাদ

দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় বন্দর কৌশল প্রণয়ন হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থ, অর্থনৈতিক অগ্রযাত্রা ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারকে সামনে রেখে জাতীয় বন্দর কৌশল...

এই বিভাগের অন্যান্য সংবাদ