নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের ল্যাপটপ ও ক্যামেরাসহ মূল্যবান জিনিসপত্রভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে ধরিয়ে দিতে সহায়তাকারী ও সঠিক তথ্যদাতাদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্ত যুবকের চেহারা শনাক্তের পর শনিবার (১০ অক্টোবর) রাতে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে তার ছবি সংবলিত পুরস্কার ঘোষণার পোস্টার লাগানো হয়।
এসআরবি-৫-এর নাটোর ক্যাম্পের কমান্ডার হাফিজ আল আসাদ জানান, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তাদের চেষ্টা অব্যাহত রয়েছে। তাকে শনাক্ত ও গ্রেপ্তারে সহায়তাকারীদের কাছ থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়ার আশাও করছেন তারা।
নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে থানা পুলিশ, সিআইডি, রেলওয়ে পুলিশ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা কাজ করছেন। গোয়েন্দা তৎপরতাসহ সার্বিক চেষ্টা চালানো হচ্ছে। অভিযুক্তের বাড়ি অন্য এলাকায় হওয়ায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগছে।
প্রসঙ্গত, গত ৭ অক্টোবর বগুড়ার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা পরিদর্শন শেষে ট্রেনে সান্তাহার হয়ে নাটোর রেলওয়ে স্টেশনে আসেন জার্মান নাগরিক ক্রিল ল্যান্ডার। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে সখ্য গড়ে তোলে। একপর্যায়ে ক্রিল ল্যান্ডার এটিএম থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান। ফিরে এসে তিনি ব্যাগসহ ওই যুবককে আর খুঁজে পাননি।
চুরি হওয়া ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ বেশ কিছু মূল্যবান জিনিসপত্র ছিল বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাকে ধরিয়ে দিতে সহায়তা করতে কিংবা এ-সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।

