বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ভারতের গোয়ার ডোনা পাউলায় নিজ বাড়িতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তার মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
তবে তার মৃত্যুর পর নতুন করে আলোচনায় এসেছে মাত্র চার দিন আগে দেওয়া একটি বক্তব্য। গত ৪ অক্টোবর গোয়ার ডোনা পাউলায় একটি অনুষ্ঠানে জীবন, মৃত্যু ও জীবনের উদ্দেশ্য নিয়ে আবেগঘন কথা বলেছিলেন নানা পাটেকর।
সম্রাট ক্লাব ইন্টারন্যাশনালের একটি অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধু ও গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী প্রয়াত মনোহর পারিকরকে স্মরণ করতে গিয়ে তিনি জীবনের অনিশ্চয়তার কথা বলেন।
নানা পাটেকর বলেছিলেন, সবাইকে একদিন চলে যেতে হবে। তিনি নিজেও জানেন না পরদিন তিনি থাকবেন কি না। প্রতিটি মানুষের জীবন একদিন শেষ সীমানায় পৌঁছাবে। তবে তার আগে নিজেকে প্রশ্ন করা উচিত—যা করার ইচ্ছা ছিল, তা তিনি করতে পেরেছেন কি না।
তিনি আরও বলেন, জীবন কি শুধু স্ত্রী, সন্তান ও নিজের বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ারও প্রয়োজন রয়েছে?
রাজনীতি ও মতবিরোধ নিয়েও নিজের মতামত তুলে ধরেছিলেন নানা পাটেকর। তার ভাষ্য ছিল, কারও কাজের প্রতিবাদ করা মানেই বাজে কথা বলা নয়। গণতান্ত্রিক উপায়ে শালীনতা বজায় রেখেও নিজের অসন্তোষ প্রকাশ করা যায়।
পাঁচ দশকের অভিনয়জীবন
১৯৫১ সালে মহারাষ্ট্রে জন্ম নেওয়া নানা পাটেকর প্রায় পাঁচ দশকের অভিনয়জীবনে হিন্দি ও মারাঠি সিনেমায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। ১৯৭৮ সালের ‘গমন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরে ‘পরিন্দা’, ‘প্রহার’, ‘ক্রান্তিবীর’, ‘তিরঙ্গা’, ‘খামোশি’ ও ‘সালাম বোম্বে’র মতো সিনেমায় শক্তিশালী অভিনয়ের জন্য প্রশংসিত হন।
গম্ভীর ও তীব্র চরিত্রের পাশাপাশি কমেডি সিনেমাতেও নিজের দক্ষতার প্রমাণ দেন নানা পাটেকর। ‘ওয়েলকাম’সহ বাণিজ্যিক সিনেমায় তার অভিনয় নতুন প্রজন্মের দর্শকদের কাছেও জনপ্রিয়তা পায়।
অভিনয়ের স্বীকৃতি হিসেবে তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি। ২০১৩ সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
মৃত্যুর আগ পর্যন্ত অভিনয়ে সক্রিয় ছিলেন নানা পাটেকর। ‘হাউসফুল ৫’, ‘ও রোমিও’ ও ‘সুবেদার’সহ বিভিন্ন সিনেমায় কাজ করেছেন তিনি।
বৃহস্পতিবার ভোরে অসুস্থ হয়ে পড়ার পর তাকে গোয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট সিপিআর দেওয়ার পরও তাকে বাঁচাতে পারেননি। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সকাল সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।

