ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ‘অ্যাম্বাসেডরস রিজিওনাল কনফারেন্স’ নামে এ সম্মেলনের আয়োজন করেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর। মার্কো রুবিও তাঁর এক্স হ্যান্ডলে দেওয়া এক পোস্টে সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হওয়ার বিষয়টি জানান।
পোস্টে রুবিও বলেন, কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতেরা দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে কাজ করে যাচ্ছেন।
সম্মেলনে অংশ নিতে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন সোমবার রাতে দিল্লি যান।
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে উজবেকিস্তান সফরে যেতে পারেন মার্কো রুবিও। তাঁর সফরসঙ্গী হিসেবে শতাধিক মার্কিন কোম্পানির প্রতিনিধিদের একটি ব্যবসায়ী দল থাকার কথা রয়েছে।
সফরটির লক্ষ্য যুক্তরাষ্ট্র ও মধ্য এশিয়ার মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও এগিয়ে নেওয়া এবং দ্বিপক্ষীয় কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা জোরদার করা। গত এক দশকে উজবেকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও গভীর করেছে যুক্তরাষ্ট্র। দেশটি বর্তমানে মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদারদের একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

